২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তামাদি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে আইনি নোটিস

তামাদি (যে কোনো আবেদনের সময়সীমা) বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 07:10 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী শিকদার মাহমুদুর রাজি ও মো. জহিরুল ইসলামের পক্ষে রোববার নোটিসটি পাঠিয়েছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

ই-মেইলে নোটিসটি পাঠানো হয়েছে জানিয়ে আইনজীবী শিশির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নোটিসের অনুলিপি বাংলাদেশ বার কাউন্সিলেও পাঠানো হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে নোটিসের বিষয়ে কোনো জবাব না পেলে উচ্চ আদালতে এ বিষয়ে রিট আবেদন করা হবে।

নোটিসে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্ট এবং সকল অধঃস্তন আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে। গত ৯ মে মহামান্য রাষ্ট্রপতি ভার্চুয়াল আদালত পরিচালনার অর্ডিন্যান্স জারি করেন।

ওই অর্ডিন্যান্সের আলোকে ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য গত ১০ মে সুপ্রিম কোর্ট উচ্চ আদালত এবং অধঃস্তন আদালতের জন্য পৃথক পৃথক প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী অধঃস্তন আদালতকে শুধু জামিন শুনানির ক্ষমতা দেওয়া হয়।

গত ৩১ মে সুপ্রিম কোর্ট অধঃস্তন আদালতের জন্য আরেকটি নির্দেশনা জারি করে, যেখানে আগের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে অধঃস্তন আদালতকে ‘অতিব জরুরি’ বিষয় শুনানির ক্ষমতা দেওয়া হয়।

কিন্তু কোনো নির্দেশনায় বিভিন্ন আইনে মামলা এবং অন্যান্য দরখাস্ত দায়েরের তামাদির বাধ্যবাধকতা সম্পর্কে কিছুই উল্লেখ করা হয়নি। উচ্চ আদালত থেকে এ সম্পর্কে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।

আইনি নোটিসে বলা হয়, “কিন্তু কিছু বার অ্যাসোসিয়েশন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ‘নেগোসিয়েবলইন্সট্রুমেন্ট অ্যাক্ট, ১৮৮১’ এর অধীনে মামলা দায়েরের নির্দেশনা প্রদান করছেন। তারা মামলা দায়েরের ভিন্ন ভিন্ন নির্দেশনা (ইমেইলে মামলা দায়ের, স্বশরীরে মামলা দায়ের, তামাদি মওকুফের আবেদন প্রভৃতি) দিচ্ছেন। এ সকল নির্দেশনা বিচারিক ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করছে, যা কাম্য নয়।

“এমতাবস্থায় বিচারিক শৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায় বিচারের স্বার্থে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি সুস্পষ্ট নির্দেশনা প্রদান অতিব জরুরি।”