২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে সোমবার বৈঠকে বসছে মন্ত্রিসভা

করোনাভাইরাস মহামারীর মধ্যে এক মাস পর মন্ত্রিসভার বৈঠকে বসছে জাতীয় সংসদ ভবনে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2020, 04:29 PM

Updated : 18 Aug 2022, 03:08 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার দুপুর ১২টায় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সীমিত সংখ্যক সদস্যকে নিয়ে দূরত্ব রেখে বসার ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করে এই বৈঠক হবে।

মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক হয়েছিল।

এরপর গত ৭ মে গণভবনে সীমিত পরিসরে মন্ত্রিসভার বৈঠক হয়; প্রধানমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মাত্র তিনজন মন্ত্রী তাতে অংশ নেন। তখনও দূরত্ব রেখে বসার ব্যবস্থা হয়েছিল, সবার মুখে ছিল মাস্ক।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

মহামারীর মধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রতি সপ্তাহে না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সামগ্রিক বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

পুরনো খবর:

মন্ত্রিসভা সোমবার বসছে
বৃহস্পতিবার বৈঠকে বসছে মন্ত্রিসভা