২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বৈঠকে বসছে মন্ত্রিসভা

কোভিড-১৯ মহামারীর মধ্যে এক মাস পর বৈঠকে বসতে যাচ্ছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 03:26 PM

Updated : 18 Aug 2022, 02:58 PM

আগামী ৭ মে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে ‘সীমিত পরিসরে’ এ বৈঠক হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব (মন্ত্রিসভা অধিশাখা) মো. রাহাত আনোয়ার জানান।

মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “যেসব মন্ত্রণালয়ের এজেন্ডা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী এই বৈঠকে অংশ নেবেন। এছড়া সংশ্লিষ্ট কয়েকজন সরকারি কর্মকর্তাও যোগ দেবেন।”

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (মন্ত্রিসভা ও রিপোর্ট অনুবিভাগ) মো. আব্দুল বারিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবারের বৈঠকে সর্বোচ্চ চারজন মন্ত্রী উপস্থিত থাকতে পারেন।”

মহামারীর বিস্তার রোধে সরকার গত ২৬ মার্চ থেকে ‘সাধারণ ছুটি’ ঘোষণার পর ৬ এপ্রিল মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক হয়েছিল।

প্রধানমন্ত্রীসহ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সরকারি কর্মকর্তারা দূরত্ব বজায় রেখে বসে মুখে মাস্ক পরে ওই বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবারের বৈঠকেও সামাজিক দূরত্ব বজায় রেখে সবার আসনবিন্যাস করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। সোমবার বাদে অন্য যে কোনো দিন বৈঠকে বসতে পারে মন্ত্রিসভা। তবে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার বৈঠক হয় না। এছাড়া প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।

মহামারীর মধ্যে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক প্রতি সপ্তাহে না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে ভিডিও কনফারেন্স করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধসহ সামগ্রিক বিষয়ে দিকনির্দেশনা দিয়ে আসছেন।