‘আকাল পড়েছে’ ফুটপাতেও
কদিন বাদেই ঈদ, এসময়ে কিছুটা বেচাকেনা হলে অন্তত সামনের কয়েকদিনের খোরাকির ব্যবস্থা হয়ে যাবে- এমন ভাবনা থেকেই সরকারের মানা থাকলেও মহামারীর ঝুঁকির মধ্যে ফুটপাতে পসরা সাজিয়েছেন তারা।
করোনাভাইরাসের আগ্রাসন ঠেকাতে সরকার ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি চলছে। ছুটির মধ্যে অফিস-আদালত, মার্কেট, যানবাহন বন্ধ রেখে সবাইকে ঘরে থাকতে বলা হলেও ঈদ ঘনিয়ে আসায় ১০ মে থেকে বিকাল ৪টা পর্যন্ত বিপণী বিতান খোলার অনুমতি দেয়।
তবে ফুটপাত, খোলা জায়গায় হকারদের বসতে না দেওয়ার নির্দেশনা থাকলেও কিছু কিছু ব্যবসায়ী বসেছেন রাজধানীর গুলিস্তান ও আশপাশের ফুটপাতে।
রমনা, বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান ও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটের সামনের ফুটপাত অধিকাংশই খালি। বিক্ষিপ্তভাবে কিছু ব্যবসায়ী জামা-কাপড়, শার্ট-প্যান্ট, পাজামা-পাঞ্জাবী, সেলোয়ার-কামিজ, জুতা-স্যান্ডাল নিয়ে বসলেও ক্রেতার দেখা নেই।
“স্যার, করোনাভাইরাস ফুটপাতেও আইছে, আকাল পড়ছে ফুটপাতে। ঈদের বাজার মনে কইরা কিছু কাপড়-চোপড় আনছি বেচতে, কাস্টমার পাই না।
“৫০ টাকায় বাচ্চাগো প্যান্ট-শার্ট বেচুম, তাও কিনতে কেউ আসে না। কেমনে চলমু মাথায় কিছু আসে না। বৈশাখ গেল বন্ধে, রমজানও গেল, ঈদের কয়েকদিন আছে মাত্র। বিক্রির হালচাল দেইখা বুঝতাছি না কী পাইমু।”
বায়তুল মোকাররম আর জিপিওর আশপাশের ফুটপাত একেবারেই ফাঁকা। দুই মাস আগেও এই এখানকার ফুটপাতে হাঁটাই যেত না।
সকাল ১১টায় গুলিস্তানে ফুটপাতের একটি দোকানে শিশুসন্তানকে আসেন ওয়ারীর বাসিন্দা ফরিদা খাতুন।
গুলিস্তান হকার্স মার্কেটের ফুটপাতে জিনসের প্যান্ট ‘২০০, ২০০’ বলে চিৎকার করছিলেন রফিক।
তিনি বলেন, “দুই মাস আগে একটা প্যান্ট বিক্রি করছি ৩০০ টাকায়। আর এখন বিক্রি করতে চাই ২০০ টাকায়, তারপরও কাস্টমার পাইনা ।”
কম দামে বিক্রির কারণ জানতে চাইলে রফিকের উত্তর, “পকেটে পয়সা নাই, লকডাউনে দোকানপাট-ব্যবসাপাতি বন্ধ ছিল, সেইজন্য ডিসকাউন্টে বিক্রি করছি স্যার।”
“একদিকে মানুষের পকেটে পয়সা নেই, কেনাকাটা করবে কিভাবে, অন্যদিকে কেনাকাটা না করলে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা চলবে কিভাবে? করোনার ভয়ে মানুষজন ঘর থেকে বের হতে চাচ্ছে না। সেজন্য ক্রেতা নাই।”
পীর ইয়ামীনি মার্কেটের পাশে তিনটি পাঞ্জাবীর দোকান খোলা দেখা গেল। সেখান বিক্রেতারা জানালেন, তাদেরও বিক্রি কম। তাছাড়া এবার নতুন ডিজাইনের পাঞ্জাবী না আসায় পুরনোগুলো নিয়েই তারা দোকান খুলেছেন।
গুলিস্তান-বঙ্গবন্ধু এভিনিউ ছাড়াও মালিবাগ এলাকার ফুটপাতও শুক্রবার একেবারেই ফাঁকা দেখা গেছে।
বেলা ১২টায় মৌচাকের কাছে দুইটি পাঞ্জাবীর দোকান দেখা গেল ক্রেতাশূন্যই।
একটি দোকানের বিক্রকর্মী জীবন ইসলাম জানালেনম খুবই খারাপ সময় যাচ্ছে, দুইদিনে মাত্র ছয়টি পাঞ্জাবী বিক্রি করেছেন তিনি।
