২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোলেনি ঢাকার অধিকাংশ বিপণী বিতান

সরকার সায় দিলেও করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে নানা শঙ্কায় চালু করা হয়নি ঢাকার অধিকাংশ বিপণী বিতান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 07:08 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে প্রায় দেড় মাস ধরে ধাপে ধাপে ‘সাধারণ ছুটি’ বাড়ানোর পর ঈদ সামনে রেখে সরকার রোববার থেকে বিপণী বিতান খোলার অনুমতি দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক বেশকিছু শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত বিপণী খোলা রাখা যাবে।

প্রথমদিনে রাস্তার পাশে কিছু ছোট ছোট দোকান খুললেও বন্ধ রাখা হয়েছে অধিকাংশ শপিং মল ও সুপার শপ। তবে পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রেখে আগামী তিন-চারদিনের পর আরও দোকান-পাট চালুর কথা ভাবছেন ব্যবসায়ী নেতারা।

রোববার সকালে রাজধানীর নিউ মার্কেটের পাশের নিউ সুপার মার্কেটটি চালু করেন ব্যবসায়ীরা। তবে প্রথমদিনেই স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বালাই দেখা যায়নি এখানকার ব্যবসায়ী ও কর্মচারীদের। ক্রেতাও ছিল খুব কম।

Image
লকডাউন শিথিল করে সুযোগ দেওয়া হলেও ঈদের আগে খোলেনি ঢাকা নিউ মার্কেট; এই বিপণি বিতানের ব্যবসায়ীরা বলছেন, তারা ভাইরাস সংক্রমণ বাড়ার ঝুঁকি নিতে চান না।

লকডাউন শিথিল করে সুযোগ দেওয়া হলেও ঈদের আগে খোলেনি ঢাকা নিউ মার্কেট; এই বিপণি বিতানের ব্যবসায়ীরা বলছেন, তারা ভাইরাস সংক্রমণ বাড়ার ঝুঁকি নিতে চান না।

নিউ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহীদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনেই তারা প্রথমদিনে দোকান চালু করতে চেয়েছিলেন। কিন্তু প্রায় ১২০০ দোকানের প্রায় চার হাজারের মতো কর্মচারী একসাথে ঢুকতে গিয়ে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তারা বিষয়টি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন।

তবে এই এলাকার চন্দ্রীমা, চাঁদনী চক, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা সুপার মার্কেট, নূরজাহানসহ বেশিরভাগই মার্কেট, দোকান বন্ধই ছিল বলে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন আলী জানিয়েছেন, নিউ সুপার মার্কেট, এলিফ্যান্ট রোডের বাটা ও ছোট কিছু মার্কেট খুলেছে।

নিউ সুপার মার্কেট জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হলেও ছোট ছোট মার্কেটগুলো করেনি। পুলিশ তাদেরকে সতর্ক করে দিয়ে বলেছে, জীবাণুমুক্ত না করলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

শপিং মল খুললেও হকার বসতে দেওয়া হবে না  

ঈদের আগে শপিং মল বসুন্ধরা-যমুনা কোনোটিই খুলছে না  

নিউ মার্কেটের কাছাকাছি ধানমন্ডির হ্যাপি আর্কেড শপিং মলের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শিশির আহমেদ জানান, অনেকে তাদের মার্কেট চালু হওয়ার খবর দিলেও তা সত্যি নয়।

“এই পরিস্থিতিতে মার্কেট চালুর কোনো সুযোগ আমরা দেখছি না। রাজধানীর অলিগলিতে এবং কিছু ব্র্যান্ডের আউটলেট চালু হয়েছে। দুই-একটি শপিং সেন্টার চালু হয়েছে। তাদের কী অভিজ্ঞতা হয় সেটা আমরা পর্যবেক্ষণ করব। আরও ৪/৫ দিন পর পরিস্থিতি দেখে মার্কেট খোলার বিষয়ে ভাবব। তবে না খোলার সম্ভাবনাই বেশি,” বলেন শিশির।

সরকারি নির্দেশনার পর বিশেষ ব্যবস্থায় কিছু আউটলেট খোলার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড আড়ং। তাদের শো রুমগুলোর পাশাপাশি জেন্টেল পার্ক, সেইলরের মতো আরও কিছু ব্র্যান্ডের আউটলেট খুলেছে।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, “মিরপুরের সবচেয়ে বড় শপিং মল মিরপুর শপিং সেন্টার বন্ধ রয়েছে। এই এলাকায় কোনো বড় শপিং সেন্টার খোলা নেই। তবে কিছু বুটিক হাউজ চালু হয়েছে। মিরপুর সনি সিনেমা হলের পাশে কিছু বুটিক হাউজ, জেন্টেল পার্ক, সেইলর এর শো রুম চালু হয়েছে। সেখানে স্বাস্থ্যবিধি মান্য করা হচ্ছে বলেই মনে হয়েছে।”

Image
লকডাউন মধ্যেই ঈদের আগে শর্ত সাপেক্ষে শপিং মল ও বিপণি বিতান খোলার অনুমতি দিয়েছে সরকার; কিন্তু নির্ধারিত দিনের আগেই ঢাকার কেরানীগঞ্জে কাপড়ের অনেক পাইকারি দোকান খুলতে দেখা যায়।

লকডাউন মধ্যেই ঈদের আগে শর্ত সাপেক্ষে শপিং মল ও বিপণি বিতান খোলার অনুমতি দিয়েছে সরকার; কিন্তু নির্ধারিত দিনের আগেই ঢাকার কেরানীগঞ্জে কাপড়ের অনেক পাইকারি দোকান খুলতে দেখা যায়।

বেইলি রোডের প্রায় সব ফ্যাশন হাউজ ও নাভনা বেইলি স্টার বিপণী বিতান খোলা হয়েছে।

বেইলি রোডে ফ্যাশন হাউজ ‘আর্টিজান’র ব্যবস্থাপক জানান, অনলাইনে ও ফোনে ক্রেতাদের অনুরোধে তারা দোকান খুলেছেন। সরকারের সব ধরনের বিধিনিষেধ মেনে চলছেন তারা।

কাছাকাছি দূরত্বের মৌচাক ও আনারকলি মার্কেট বন্ধ থাকলেও যেসব দোকান খুলেছে তারা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন রমনা থানার ওসি মো. মনিরুল ইসলাম।

এছাড়া পল্টনে পলওয়েল সুপার মার্কেটের নিচতলায় জুতা এবং কাপড়ের কয়েকটি খোলা দেখা গেছে।

পলওয়েল মার্কেটের একজন দোকানি বলেন, “প্রায় দেড়মাস বন্ধ রাখার পর দোকান খোলা হয়েছে। এই দেড় মাসে কর্মচারীদের বেতন ঠিকই দিতে হয়েছে। এখন আর সম্ভব হচ্ছে না। ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে ঝুঁকি আছে জেনেও দোকান চালু করা হয়েছে।”

পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, রাপা প্লাজা, সীমান্ত, মেট্রো, আর্চাড পয়েন্ট বন্ধ রয়েছে। তবে বাটা, ইনফিনিটি, আড়ং খুলেছে।

দোকান চালু নিয়ে দ্বিধায় মালিকরাই  

ক্রেতা সমাগমের সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রীও  

শপিংয়ে যাবেন বাড়ির কাছে, সঙ্গে নেবেন প্রমাণপত্র  

কেউই জীবাণুমুক্ত টানেল বসায়নি জানিয়ে তিনি বলেন, “শিগগিরই তারা খুলবে বলে আমাদের জানিয়েছেন। এখন প্রাথমিকভাবে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করেছে।”

গুলশান-১ নম্বরে ডিএনসিসি মার্কেটেও প্রায় সব দোকান ‍খুলেছে।

পুরান ঢাকার চকবাজার, মৌলভীবাজারে দোকানপাট খোলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক (পেট্রোল) মামুনুর রহমান।

“জীবাণুমুক্ত করার ব্যবস্থা সত্যিকার অর্থে ওইভাবে তারা করেননি। পুলিশ বার বার তাদেরকে বলছে এই বিষয়টার উপরে জোর দিতে।”

বংশাল থানার পরিদর্শক (পেট্রোল) বেলাল হোসেন নবাবপুর ও বংশাল রোডের দোকানগুলো খোলা থাকার কথা জানিয়েছেন।

হাল্কা ও ভারী যন্ত্রপাতির পাইকারি বাজার রয়েছে নাবাবপুর ও বংশাল এলাকায়।

ওদিকে বঙ্গবাজার, এনেক্স টাওয়ার, ঢাকা মহানগর মার্কেট বন্ধ থাকলেও আজিজ সুপার মার্কেট খোলা রয়েছে। তারা জীবাণুমুক্ত করার ব্যবস্থা রেখেছে বলে শাহবাগ থানার পরিদর্শক আবুল বাশার জানিয়েছেন।

গুলিস্তান এলাকায় শুধু পাতাল মার্কেট খোলা, বাকি সব বিপনী বিতান বন্ধ রয়েছে বলে জানান তিনি।

মালিক-কর্মচারীদের মুখে হাসি

মিরপুর রোডের সানরাইজ প্লাজার ৬৫টি দোকানের মধ্যে প্রথম দিন রোববার মাত্র ৭টি বন্ধ ছিল বলে জানিয়েছেন ডিজিএম মো. হারুনর রশীদ।

Image
করোনাভাইরাস সঙ্কটে রাজধানীর বঙ্গবাজারও খোলেনি; যদিও সরকার শর্ত সাপেক্ষে ঈদের আগে বিপণি বিতানগুলো খোলার সুযোগ দিয়েছিল।

করোনাভাইরাস সঙ্কটে রাজধানীর বঙ্গবাজারও খোলেনি; যদিও সরকার শর্ত সাপেক্ষে ঈদের আগে বিপণি বিতানগুলো খোলার সুযোগ দিয়েছিল।

“বিকাল ৪টার মধ্যে মার্কেটের সব দোকানপাট বন্ধ করে ফেলা হয়েছে। আমরা খুব আতঙ্কে ছিলাম। মার্কেট খোলার সুযোগ পেয়ে এখন বেশ আশান্বিত।”

হারুন বলেন, “ছোট দোকানগুলোয় গড়ে ১০ হাজার টাকা বিক্রি হয়েছে; বড় দোকানগুলোয় ২০ হাজার টাকা গড়ে বিক্রি হয়েছে। মালিক-কর্মচারী সবার মুখে এখন হাসি। কমপক্ষে প্রতিটি কর্মচারীকে এক হাজার টাকা করে হলেও দেয়া সম্ভব হচ্ছে।”

সোমবার থেকে সব দোকান খোলা থাকতে পারে জানিয়ে তিনি বলেন, “আমরা স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রেখেছিলাম। প্রথমদিন কিছু ঘাটতি ছিল; আগামীকাল সবাই প্রস্তত থাকবে আশা করি। মার্কেটে লোক কম এসেছিল; কিন্তু যারা এসেছে তারা কেউ খালি হাতে যায়নি।”

মার্কেটের বাইরে হাত ধোয়ার ব্যবস্থা, হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে বলে জানান হারুন।

খুলছে আড়ং, ঢুকতে হবে অনলাইনে নিবন্ধন করে  

ঈদের পসরা বসবে না ঢাকার নিউ মার্কেট এলাকায়  

১০ মে থেকে শপিং মল খোলা রাখা যাবে বিকাল ৪টা পর্যন্ত  

জেনেটিক প্লাজা দোকান মালিক সমিতির সম্পাদক মাকসুদ আলম জানিয়েছেন, মার্কেটের ৭৮টি দোকানের মধ্যে রোববার ৩৭টি খুলেছে। তবে ক্রেতার সংখ্যা কম ছিল।

“ক্রেতার খুব একটা সাড়া নেই প্রথম দিনে। প্রতি ৩/৪ টা দোকানে দুয়েকজন ক্রেতা দেখেছি। আগামীকাল থেকে দোকানপাট আরও খুলবে।”

স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে জানিয়ে মাকসুদ বলেন, “মার্কেটে ঢোকার আগে সবার শরীরের তাপমাত্রা মেপে দেখা হচ্ছে। হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। কর্মচারীদেরও মাস্ক দেওয়া হয়েছে। এখন চেষ্টা করে যাচ্ছি। তবে আইডি কার্ড দেখতে পারিনি আমরা। বিষয়টি পুলিশ চেক করার কথা রয়েছে।”

দোকানপাট স্বল্প সময়ের জন্য হলেও খোলা রাখায় সন্তোষ প্রকাশ করেন মাকসুদ আলম।

(প্রতিবেদনটি তৈরিতে সহযোগিতা করেছেন কামাল হোসেন তালুকদার, ফয়সাল আতিক, মাহমুদ জামান অভি, মঈনুল হক চৌধুরী)