২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতা সমাগমের সম্ভাবনা দেখছেন না বাণিজ্যমন্ত্রীও

দোকান মালিকদের আবেদনে সাড়া দিয়ে ঈদের আগে মার্কেট খোলার অনুমতি দেওয়া হলেও এবার ঈদ বাজার তেমন জমবে না বলেই মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 05:01 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি এই অভিমত জানান।

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউনের মধ্যে এক মাস বন্ধ থাকার পর সোমবার সরকার শপিং মল ও মার্কেট ১০ মে থেকে খোলা রাখার অনুমতি দেয়। বেশ কয়েকটি শর্ত মেনে প্রতিদিন বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলার সুযোগ পেয়েছেন ব্যবসায়ীরা।

তবে প্রতিদিনই নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই অবস্থার মধ্যে দোকান খোলা নিয়ে সংশয়ে রয়েছেন মালিকরা। এরইমধ্যে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বসুন্ধরা শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ। নিউ মার্কেট, চাঁদনী চক ও চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির নেতারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়ে বিচলিত তারা। এখন মার্কেট খোলাটা ‘আত্মঘাতীমূলক’ হবে বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এছাড়া অনেক শর্ত মেনে দোকান খোলার পর ক্রেতা হবে কি না, তা নিয়েও সন্দিহান তারা।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতেই সীমিত পরিসরে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে।

“কেউ চাইলে নাও খুলতে পারে। তবে রাস্তার পাশে দোকান খোলার ব্যাপারে বাধা আছে, খুলতে পারবে না। ”

গণপরিবহন বন্ধ থাকায় ক্রেতারা মার্কেটে আসবেন কীভাবে এমন প্রশ্নে ঢাকাকে কয়েকটি জোনে ভাগ করে মার্কেট খোলার পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, “জনসাধারণকে যেন বাইরে যেতে বা দূরে যেতে না হয়, যে এলাকায় লোকজন থাকে তার কাছাকাছি মার্কেটগুলো খোলার ব্যবস্থা করা হবে। হাঁটা পথের মধ্যে কাছাকাছি স্থানে মার্কেটে পৌঁছাতে পারে।

“তবে মার্কেটে যে অনেক ক্রেতা হবে সে সম্ভাবনা খুবই কম।”

দোকান চালু নিয়ে দ্বিধায় মালিকরাই  

বাণিজ্যমন্ত্রী বলেন, “দাবির প্রেক্ষিতে সীমিত আকারে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। এখন তারা যদি মনে করে দোকান খুলবে না তাহলে ঠিক আছে সেটাও ভালো। সরকারের তরফ থেকে সুযোগ দেওয়া হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে। আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন এ জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

“তবে ইতোমধ্যে বড় দুটি শপিং মল সিদ্ধান্ত নিয়েছে তারা মল খুলবে না। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যারা না মানবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

Image
নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সদা ব্যস্ত মিরপুর-সড়ক এখন এরকমই ফাঁকা। ছবি: সাদ আব্দুল্লাহ

নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত সদা ব্যস্ত মিরপুর-সড়ক এখন এরকমই ফাঁকা। ছবি: সাদ আব্দুল্লাহ

রেলপথে ভারত থেকে পণ্য আমদানির চিন্তা

ভারত থেকে জরুরি প্রয়োজনে পণ্য আমদানিতে ও সরবরাহ বাড়াতে চারটি রেল রুট চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

আগামী রোববার এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, যশোর, দর্শনা, বিরল ও রাধিকাপুর রুটে রেলের কার্গো চালু করা যায় কি না তা দেখা হবে।

বেনাপোল বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধ থাকায় সরকার রেলের মাধ্যমে পণ্য আনতে চাচ্ছে জানিয়ে টিপু মুনশি বলেন, “সরবরাহ চেইন ঠিক রাখতে ভারতের সাথে রেলওয়ের চারটি রুট ঠিক করা হয়েছে। বেনাপোলসহ অন্যান্য ল্যান্ড পোর্টগুলো খোলা হয়েছিল। কিন্তু স্থানীয় রাজনীতির কারণে বন্ধ হয়ে গেছে গত তিন-চারদিন ধরে। তবে সরকারিভাবে কোনো বাধা নেই।”

বাণিজ্যমন্ত্রী জানান, প্রায় দুই হাজার ২০০ উপরে ট্রাক পড়ে আছে বেনাপোলের ওপার (ভারতে), আসতে পরছে না।

“আমাদের এখানেও প্রায় ২০০ ট্রাক পড়ে আছে, যেতে পারছে না।”