২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস সঙ্কটে বেতন-বোনাস না কাটার দাবি জি-স্কপের

করোনাভাইরাস সঙ্কট দেখিয়ে শ্রমিকদের মজুরি এবং উৎসব ভাতা কাটার নিন্দা জানিয়েছে গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2020, 07:38 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির যুগ্ম সমন্বয়কারী আব্দুল ওয়াহেদ ও কামরূল আহসান ঈদের আগে শ্রমিকদের চলতিসহ বকেয়া বেতন এবং পূর্ণ ঈদ বোনাস দেওয়ার দাবি জানান।

করোনাভাইরাস মহামারীতে কাজ না থাকাকে কারণ দেখিয়ে অনেক পোশাক কারখানা শ্রমিকদের পূর্ণ বেতন ও ঈদ বোনাস দিচ্ছে না।

জি-স্কপের বিবৃতিতে বলা হয়, “সারাবছরের কাজের ধারাবাহিকতায় উৎসব বোনাস শ্রমিকের অধিকার।
“শ্রম আইনের ১২৩ ধারা অনুসারে কাজের পরবর্তী মাসের সাত দিনের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা। অথচ গার্মেন্টস মালিকরা অহরহ আইনের এই বিধান অবজ্ঞা করে দিনের পর দিন শ্রমিকদের মজুরি বকেয়া রাখে।”

সঙ্কট মোকাবেলায় তৈরি পোশাক শিল্পের জন্য সরকার প্রণোদনা প্যাকেজ দিলেও বেতন কাটার জন্য মালিকদের সময়ক্ষেপণের কারণে শ্রমিকদের ভুগতে হচ্ছে বলে অভিযোগ করেন জি-স্কপ নেতারা।

“ফলে মে মাসের অর্ধেক চলে যাওয়ার পরও অধিকাংশ কারখানার এপ্রিল মাসের মজুরি পরিশোধ করা হয়নি। এমনকি কয়েকশত গার্মেন্টস কারখানার মার্চ মাসের মজুরি এখনও বকেয়া আছে।”

শ্রমিক নেতারা এই অভিযোগ করলেও গার্মেন্ট মালিকদের সংগঠন বিজিএমইএর দাবি, অধিকাংশ কারখানাই এপ্রিল মাসের বেতন পরিশোধ করেছে।

জি-স্কপের বিবৃতিতে বলা হয়, “গার্মেন্টস মালিকরা বারবার নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হলেও সকল কারখানায় প্রয়োজনীয় আয়োজন করা হয়নি।”

এছাড়া সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন কৌশলে হাজার-হাজার শ্রমিক ছাঁটাই করা হচ্ছে বলেও অভিযোগ করেন জি-স্কপের নেতারা।

ওই সব মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন শ্রমিক সংগঠনগুলোর এই মোর্চার নেতারা।