২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯ সঙ্কটে অন্য রোগীদের চিকিৎসা নিশ্চিতে আদালতে আবেদন

কোভিড-১৯ সঙ্কটের এই সময়ে বেসরকারি হাসপাতালের প্রবেশ মুখে ‘হলুদ জোন’ স্থাপন করে প্রত্যেক রোগীকে জরুরি চিকিৎসা দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতের ভার্চুয়াল কোর্টে একটি রিট আবেদন হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 07:59 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে জনস্বার্থে এ আবেদনটি করা হয়।

বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল কোর্টে বৃহস্পতিবার এ আবেদনটি করেন সংগঠনটির সভাপতি আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ১৮ মে বেলা সাড়ে ১১টায় রিট আবেদনটির শুনানির জন্য রাখা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।”

মনজিল বলেন, “সরকার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ও টেস্টের জন্য নির্দিষ্ট কয়েকটি হাসপাতালের ব্যবস্থা করেছে। কিন্তু এই সময়ে সাধারণ জ্বর, সর্দি, গলা ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরও ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে।

“কিন্তু এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে, দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগীরা চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসা না পেয়ে হাসপাতালের বাইরে বা অ্যাম্বুলেন্সে রোগী মারা যাওয়ার ঘটনাও ঘটছে। যে কারণে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সব ধরনের রোগীদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।”

‘হলুদ জোনে’ দায়িত্বরত চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের জন্য প্রয়োজনীয় পিপিই, গ্লাভস, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য উপকরণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে আবেদনে।

এছাড়াও সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রণ) আইন-২০১৮ এর ৬ ধারা অনুযায়ী গঠিত উপদেষ্টা কমিটি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কী কী কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে, সে সংক্রান্ত একটি প্রতিবেদনও আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট আবেদনটিতে বেসরকারি হাসপাতালে সব রোগীদের সব ধরনের চিকিৎসা দেওয়ার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই রুল জারির আরজি জানানো হয়েছে।

এছাড়া প্রত্যেকটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পিসিআর মেসিনে টেস্টের ব্যবস্থা করার নির্দেশনাও চাওয়া হয়েছে।

সংক্রামক ব্যাধি প্রতিরোধে করা কমিটির উপদেষ্টা কমিটির চেয়ারম্যান, স্বাস্থ্য সচিব, অতিরিক্ত সচিব (হাসপাতাল) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ বেসরকারি ক্লিনিক ও ডায়গনেস্টিক মালিক সমিতির সভাপতি ও সম্পাদককে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।