২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলল বঙ্গবাজার, ধানমণ্ডিতে আরেক দোকান বন্ধ

নতুন করোনাভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় বন্ধের দুইদিন পরই খুলে দেওয়া হয়েছে রাজধানীর বঙ্গবাজার মার্কেট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 03:32 PM

Updated : 08 Apr 2022, 12:46 AM

স্বাস্থ্যবিধি না মানায় এই বিপণী বিতানটি গত মঙ্গলবার বন্ধ করেছিল পুলিশ।

শাহবাগ থানার ওসি আবুল হাসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বাস্থ্যবিধি অনুসরণ করায় এবং স্প্রে টানেল নির্মাণ করায় বঙ্গবাজার মার্কেট খুলে দেওয়া হয়েছে।”

পাশাপাশি গত মঙ্গলবার বন্ধ করে দেওয়া ধানমণ্ডির ‘অরণ্য’ ও ‘ভিআইভিই’ দোকান দুটিও খুলে দেওয়ার কথা জানিয়েছেন রমনা বিভাগের পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি।

তবে স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এদিন ধানমণ্ডিতে আরেকটি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ধানমণ্ডি ২৮ নম্বর রোডের ‘মম এন্ড বেবী শপ’ নামের দোকানটি বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বন্ধ করে দেওয়া হয় বলে আব্দুল্লাহিল কাফি জানিয়েছেন।

“দোকানটিতে স্বাস্থ্যবিধি মোটেই অনুসরণ করা হয়নি,” বলেন এই পুলিশ কর্মকর্তা।

দোকানের কর্মচারীরাও জানিয়েছেন, মালিক তাদেরকে স্বাস্থ্য সুরক্ষার উপকরণ দেননি।

স্বাস্থ্যবিধি অনুসরণ করলে দোকানটি খুলে দেওয়া হবে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহিল কাফি।

পুরনো খবর:

নিয়ম না মানায় বঙ্গবাজার ও দুই ফ্যাশন ‘আউটলেট’ বন্ধ