পুলিশ হাসপাতালকে ৫টি ভেন্টিলেটর দিল নাভানা গ্রুপ
করোনাভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঁচটি ভেন্টিলেটর দিয়েছে নাভানা গ্রুপ।
মঙ্গলবার এসব ভেন্টিলেটর হস্তান্তরের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি হাসানুল হায়দারসহ নাভানা গ্রুপ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম শানতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই পাঁচটি নিয়ে এই হাসপাতালে ভেন্টিলেটর হল ১৩টি।
এছাড়া আরও উন্নত ১৫টি ভেন্টিলেটর রয়েছে জানিয়ে তিনি বলেন, ২৫০ শয্যার এই হাসপাতালে আইসিইউ রয়েছে ১৫টি এবং এইচডিইউ রয়েছে ১৪টি।
পুলিশ সদরদপ্তরের একজন কর্মকর্তা জানান, মঙ্গলবার পর্যন্ত পুলিশের আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৭৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরে আক্রান্ত পুলিশ সদস্য আছেন ৮৬৫ জন।
মঙ্গলবারও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে ২৩ জন সুস্থ হয়ে ফিরেছেন। এ নিয়ে ২৯৮ জন পুলিশ সদস্য সুস্থ্ হয়েছেন।
