২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে ক্লাস নিচ্ছে না ঢাবি

শিক্ষার্থীদের নানা সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনায় নিয়ে করোনাভাইরাস সঙ্কটের এই কালে অনলাইনে ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2020, 11:13 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতিতে ডিনদের সঙ্গে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

করোনাভাইরাস মহামারী ঠেকাতে গত মার্চ থেকে অফিস-আদালতের মতো শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান আশু খোলার সম্ভাবনা না দেখে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নিচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে পথে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “অধিকাংশ শিক্ষার্থীই দেশের বিভিন্ন অঞ্চলে নিজ নিজ বাড়িতে অবস্থান করছে এবং ইন্টারনেট এ্যাকসেসসহ প্রযুক্তিগত অন্যান্য আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় অনলাইন ক্লাসে তাদের অংশগ্রহণের সক্ষমতা নেই বলে সভায় উল্লেখ করা হয়।

“এছাড়া অনেক শিক্ষার্থীর অর্থনৈতিক অসচ্ছলতা, বিভিন্ন সীমাবদ্ধতা ও প্রতিবন্ধকতা রয়েছে। এমতাবস্থায়, এখনই অনলাইনে ক্লাশ নেওয়া সম্ভব হবে না বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।”

দীর্ঘ বন্ধে পিছিয়ে পড়াশোনার পিছিয়ে পড়াটা কাটিয়ে ওঠার সমাধান নিয়েও সভায় আলোচনা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে এই অনাকাঙ্ক্ষিত ও অনির্ধারিত ছুটিকালীন অবস্থায় শিক্ষার্থীদের লেখাপড়ায় যে ক্ষতি হচ্ছে, তা পুষিয়ে নিতে বিশ্ববিদ্যালয় খোলার পরে সাপ্তাহিক ছুটির দিনসহ অন্যান্য সময়ে অতিরিক্ত ক্লাস নেওয়ার বিষয়ে সভায় ঐক্যমত প্রকাশ করা হয়।”

তবে অনির্ধারিত এই ছুটি দীর্ঘায়িত হলে সে পরিস্থিতিতে অনলাইনে ক্লাস নেওয়া যেতে পারে বলেও মত দেন ডিনরা।

“ঈদের ছুটির পরে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রযুক্তিগত অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে অনলাইনে শিক্ষাকার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে সভায় জানানো হয়।”

পুরনো খবর:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
পড়াশোনার ক্ষতি, উদ্বেগ চাকরির বয়স নিয়েও
করোনাভাইরাস পরবর্তীতে হলগুলোতে নতুন শুরু চায় ঢাবি প্রশাসন