২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুস্থ হয়ে এক দিনেই হাসপাতাল ছাড়লেন ৭২ জন পুলিশ সদস্য

নতুন করোনাভাইরাসে আক্রান্ত ৭২ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 05:57 PM

Updated : 18 Aug 2022, 03:00 PM

রোববার ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তারা ছাড়া পান।

হাসপাতাল ছাড়ার সময় তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বলে ‍পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে।

এনিয়ে দেড় শতাধিক পুলিশ সদস্য সুস্থ হলেন। পুলিশের করোনাভাইাসে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন আটজন।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের পুলিশ সদস্যই ৭৪৫ জন।

করোনাভাইরাসে বাংলাদেশে আক্রান্ত সাড়ে ১৪ হাজারের মধ্যে পেশার হিসাবে পুলিশেই আক্রান্ত সবচেয়ে বেশি।

রাজারবাগের পুলিশ হাসপাতালে জায়গা হচ্ছিল না বলে তেজগাঁওর ইমপালস হাসপাতাল ভাড়া নেওয়া হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য। শনিবার থেকে সেখানে রোগ ভর্তি করাও শুরু হয়েছে।

পুলিশে আক্রান্ত বাড়ছে লাফিয়ে লাফিয়ে

কোভিড-১৯ আক্রান্ত বাড়ায় পুলিশের জন্য আলাদা হাসপাতাল

আক্রান্ত হলেন কীভাবে, বুঝছেন না পুলিশ সদস্যরা

মনোবল হারালে চলবে না: করোনাভাইরাসজয়ী পুলিশ সদস্য  

কোভিড-১৯ রোগের বিস্তার ঠেকানোর কাজটিতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; ফলে আক্রান্তদের কাছাকাছিও তাদের যেতে হয়েছে। তাই তাদের আক্রান্তের হার বেশি বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ সদর দপ্তরের এআইজি মো. সোহেল রানা এ বিষয়ে ফেইসবুকে লিখেছেন, কোয়ারেন্টিন ও আইসোলেশন নিশ্চিত করার জন্য পুলিশকে মানুষের বাড়ি বাড়ি যেতে হচ্ছে। পুলিশ সদস্যরা রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন। ঘরে ঘরে খাদ্যদ্রব্য বা চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছে। আবার দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজারেও যেতে হয়েছে পুলিশ সদস্যদের।

“এই ভাইরাসে যখন কেউ মারা যাচ্ছেন আর কেউ এগিয়ে না আসলেও পুলিশ সদস্যরা যাচ্ছেন ওই ব্যক্তির জানাজা বা সৎকারে এবং দাফনে যাচ্ছেন। এতে করে পুলিশে কিছু ঝুঁকি থাকছে।”

সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা এবং এই পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সে বিষয়ে উদাসীনতাই পুলিশে আক্রান্ত বেশি হওয়ার কারণ বলে অনেকে মনে করেন।

এ বিষয়ে এআইজি সোহেল রানা লিখেছেন, “অনেক সময় তাৎক্ষণিক বা সময় স্বল্পতার কারণে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা সুরক্ষা সামগ্রী যা পরছি, তা শতভাগ সুরক্ষা কখনও দেয় না। এধরনের ঝুঁকি আমাদের কাজে রয়েছে।”