আক্রান্ত হলেন কীভাবে, বুঝছেন না পুলিশ সদস্যরা
দেশে করোনাভাইরাসের মহামারী ঠেকাতে কাজ করতে গিয়ে কীভাবে নিজেরাও আক্রান্ত হচ্ছেন, সেটা বুঝতে পারছেন না কোভিড-১৯ রোগী পুলিশ সদস্যরাও।
কোভিড-১৯ আক্রান্ত রয়েছেন, এমন এলাকায় কাজ করার সময় ‘সতর্ক’ থেকেও সংক্রমণ এড়াতে পারছেন না বলে দাবি করছেন তারা।
পুলিশে এই পর্যন্ত এক হাজার ৫০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭০৮ জনই ঢাকা মহানগরের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন, মারা গেছেন সাতজন।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর তার বিস্তার ঠেকানোর কাজটিতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; ফলে আক্রান্তদের কাছাকাছিও তাদের যেতে হয়েছে।
ছোঁয়াচে এই রোগের বিস্তার ঠেকাতে দায়িত্ব পালনের ক্ষেত্রে শুরুতে পুলিশ সদস্যদের গায়ে-হাতে কোনো সুরক্ষা সরঞ্জাম দেখা যায়নি; যদিও ওই সময় চিকিৎসকদেরও সুরক্ষা পোশাকও ছিল অপ্রতুল।
সুরক্ষা সরঞ্জাম ব্যবহার না করা এবং এই পরিস্থিতিতে কীভাবে দায়িত্ব পালন করতে হয়, সে বিষয়ে উদাসীনতাই পুলিশে আক্রান্ত বেশি হওয়ার কারণ বলে অনেকে মনে করেন।
তবে আক্রান্ত পুলিশ সদস্যরা বলছেন, তারা মহামারীর এই সময়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা মেনেই কাজ করছিলেন।
“সিনিয়র স্যারদের দিক নির্দেশনা ছিল-কীভাবে টহল চৌকিতে দায়িত্ব পালন করতে হবে? কীভাবে আসামি ধরতে হবে? কীভাবে লকডডাউন এলাকায় কাজ করব? চেষ্টা করেছি কিন্তু তারপরও কিভাবে যে আক্রান্ত হলাম,” বলেন একজন পুলিশ সদস্য।
কেরানীগঞ্জ মডেল থানার এএসআই বোরহান উদ্দিন ওই থানায় প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত হন এবং সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন সবার আগে।
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে বোরহান ৩ মে তার থানার পাশের বাসায় ফিরে আসেন।
এখন সুস্থ হলেও খানিকটা দুর্বল বোধ করছেন বলে জানালেন তিনি।
“করোনায় আক্রান্ত হয়েছি- এটা শোনার পর শক্তি হারিয়ে ফেলেছিলাম। এখন মনে হচ্ছে, ওভাবে ঘাবড়ানো ঠিক ছিল না।”
এএসআই বোরহান উদ্দিন
কীভাবে আক্রান্ত হয়েছেন- জানতে চাইলে এএসআই বোরহান বলেন, “৫ এপ্রিল কেরানীগঞ্জ মডেল টাউনের একটি বহুতল ভবনে একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী পাওয়া যায়।
ভবনটি লকডাউন করা হয় এবং রাতে আমার ডিউটি দিতে হয়েছে ফটকে।
“সারারাতে ডিউটি দেওয়ার সময় কিছু মানুষ ওষুধ কিনতে বের হয়েছে, আবার বাইরে যারা ছিল, তার ভেতরে ঢুকেছে। সেখানে কারও সঙ্গে স্পর্শ লাগেনি। শুধু যারা ওষুধ কিনতে প্রেসক্রিপশন নিয়ে বের হয়েছিল, সেটা ধরে দেখেছিলাম, ঠিক বলছে কি না বুঝতে। ওই এলাকায় কোনো টং দোকানও ছিল না যে, ভুল করে কোনো দোকান থেকে চা খাব।”
সুরক্ষা সরঞ্জাম কী ছিল- জানতে চাইলে তিনি বলেন, “আমার ও কনস্টেবলদের মাস্ক ছিল, স্যানিটাইজার ব্যবহার করেছি, গ্লাভসও ছিল।”
পরদিন জিনজিরা বাজারে তল্লাশি চৌকিতে কাজ করেছিলেন এএসআই বোরহান। লকডাউনের মধ্যে মনু ব্যাপারীর ঢালে কাঁধে চালের বস্তা নিয়ে কয়েকটি পরিবারকে পৌঁছে দেন।
তার পরদিন ৭ এপ্রিল জ্বর আসে বোরহানের, সঙ্গে কাশি। ৮ এপ্রিল রাজারবাগ পুলিশ হাসপাতালে গেলে চিকিৎসক ওষুধ ও আট দিনের বিশ্রাম দেন। বাসায় আলাদা কক্ষে বিশ্রাম নিলেও কাশি সারছিল না।
“পরে ১৮ এপ্রিল নমুনা কেরানীগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে এসে নিয়ে যায় এবং ২০ এপ্রিল জানায় যে আমার রেজাল্ট পজেটিভ এসেছে,” বলেন এএসআই বোরহান।
তাহলে কোন স্থান থেকে সংক্রমণ ঘটেছে বলে মনে করেন- প্রশ্নে তিনি বলেন, “এত সতর্ক ছিলাম এবং এত থাকার চেষ্টা করেছি, তারপরও …”
কোভিড-১৯ এর বিস্তার রোধে সংক্রমণের উৎস জানাটা জরুরি এজন্য যে তাহলে তার সংস্পর্শে যারা যারা এসেছিল, তাদের এক জায়গায় আটকে রাখতে পারলেও রোগটি বেঁধে রাখা যায়। কিন্তু ‘কন্ট্রাক্ট ট্রেসিং’য়ের এই কাজটি বাংলাদেশে তেমন হচ্ছে না।
ঢাকার কেরানীগঞ্জে অনেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারাও গেছেন কয়েকজন।
কনস্টেবল রাকিবুল ইসলাম
কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলামও আক্রান্ত হওয়ার পর সেরে উঠেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কীভাবে যে আক্রান্ত হলাম বুঝতে পারিনি। সতর্ক ছিলাম।”
থানার ব্যারাকে যারা থাকেন, তাদের অনেকে আক্রান্ত হয়েছেন বলে জানান এই কনস্টেবল; কিন্তু প্রথমজনের সংক্রমণ কীভাবে হল, সেটা বের করা যাচ্ছে না।
রাকিবুল বলেন, “ব্যারাকগুলোতে বিছানা তো ঘন ঘন। তাই চেষ্টা করলেও অনেক কিছু পারা যায় না।”
ব্যারাকগুলোতে গাদাগাদি করে থাকায় এক পুলিশ সদস্য থেকে অন্যরাও আক্রান্ত হচ্ছেন বলে যে কথা উঠেছে, তা অস্বীকার করতে পারছেন না পুলিশ কর্মকর্তারাও, সেজন্য সতর্কও করছেন তারা।
পুলিশ সদর দপ্তরের এআইজি মো. সোহেল রানা ফেইসবুকে লিখেছেন, “ব্যারাকে বা পুলিশ লাইনসে চিরাচারিতভাবে অল্প পরিসরে অনেককে থাকতে হয়। প্রতিনিয়ত মান উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে। তবে হুট করে বর্তমান এই পরিস্থিতিতে ব্যারাকে বা লাইনসে যারা অনেকে এক সঙ্গে থাকেন, এই এক সঙ্গে থাকা একটু ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
“আমরা চেষ্টা করেছি, সেখানে যারা থাকেন। তাদের সামাজিক দুরত্ব বাজায় রাখার জন্য। তা আমরা করেছিও স্বাস্থ্য বিধি মেনে থাকার জন্য। তারপরও পেশাগত কারণে বাড়তি কিছু ঝুঁকির মধ্যে সব সময় থেকে যাই। এই কারণে বাংলাদেশ পুলিশের সংক্রমণের হার একটু বেশি। যেহেতু আমাদের ঝুঁকি বেশি, আমরা ঝুঁকি নিচ্ছিও।”
রাকিবুল বলেন, “এখন আর থানা ব্যারাকে ঘনঘন করে কেউ থাকে না। আশপাশে ভবনে অনেক পুলিশ সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে।”
চট্টগ্রামের করোনাভাইরাসজয়ী কনস্টেবল অরুণ চাকমা
পুরান ঢাকার চকবাজার থানায় ১৫ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সবার আগে আক্রান্ত হয়েছেন এসআই লোকমান হোসেন।
আক্রান্তের কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুবই সাবধান ছিলাম, পুলিশ সদরদপ্তর থেকে সেসব নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই মোতাবেকই কাজ কর্ম করছিলাম।
“আমার যতটুকু মনে হয়, বেগমবাজারের একটি ঘর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তির ছেলে ও মেয়ে কেরানীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেই তথ্য পুলিশের কাছে গোপন রেখেছিল।”
লোকমান বলেন, “আমার বাসা কেরানীগঞ্জে। প্রতিদিন চকবাজার থানায় ডিউটি শেষ করে একাই একটি নৌকায় উঠতাম। এমনকি নৌকা ভাড়ার টাকা আগে থেকে ভাংগিয়ে রাখতাম, যাতে মাঝির কাছ থেকে কোনো টাকা না নিতে হয়। কিন্তু সেই আমিই এই ভাইরাসে আক্রান্ত হলাম।”
বর্তমানে সুস্থ্ হয়েছেন এসআই লোকমান। পরপর দুইবার তার নমুনা পরীক্ষায় ‘নেগেটিভ’ এসেছেন বলেও জানান তিনি।
কেরানীগঞ্জ দক্ষিণ থানায় আক্রান্ত হয়েছেন পাঁচ পুলিশ সদস্য।
পুলিশ সদরদপ্তর থেকে কী ধরনের দিক-নির্দেশনা ছিল- জানতে চাইলে ওই থানার ওসি শাহ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকগুলো নির্দেশনা ছিল। পুলিশ সদস্যদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। তাদের সচেতন করেছি। কিন্তু তারপরও আক্রান্ত হচ্ছেন।”
অসহায়ত্ব প্রকাশ করে তিনি বলেন, “কালীগঞ্জ এলাকায় গিয়ে দেখে যান, তিন ফুট দূরত্ব থাকার কথা থাকলেও মানুষজন গা-ঘেঁষে চলাচল করে। এত মানুষের চাপে আর গাইড লাইন ...”
তল্লাশি চৌকি বসিয়ে লোকজনের বাইরে রের হওয়ার কারণ যাচাইয়ে পুলিশ
পুলিশের ট্রাফিক বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। তারা বলছেন, মানুষের কাছাকাছি যেতে হয় বলে সাবধান থাকা সত্বেও সংক্রমণ এড়াতে পারছেন না তারা।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরা ওঠা পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখার এসআই কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিপূর্ণ পিপিই পরার পরও কীভাবে যে আক্রান্ত হলাম, বুঝতে পারছি না।”
তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের উল্টো দিকে ব্যারাকে থাকতেন তিনি। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ক্যান্টিনে যাওয়া ও খাওয়াও বন্ধ করে দিয়েছিলেন। পিপিই পরেই অফিসে যেতেন হেঁটে।
“যারা ক্রাইম বা ট্রাফিক বিভাগে কাজ করেন। নানা ধরনের মানুষের সঙ্গে মিশতে হয় তাদের। কিন্তু আমি কেন আক্রান্ত হলাম, তা সুস্থ হওয়ার পরও ভাবি,” বলেন কামাল।
