করোনাভাইরাস উপসর্গ থাকা অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিল পুলিশ
নভেল করোনাভাইরাসের উপসর্গ থাকা অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পুলিশ।
হাসপাতালে যেতে বিভিন্ন জায়গায় ফোন করে কোনো গাড়ি না পাওয়ায় বুধবার বিপাকে পড়েছিলেন ওই নারী।
তবে পুরান ঢাকার বাসিন্দা ওই নারীকে থানার গাড়িতে করে নিয়েও দুই হাসপাতাল থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে পুলিশকে। অবশেষে তৃতীয়বারের চেষ্টায় ঢাকা মেডিকেলে নমুনা পরীক্ষা করতে দেওয়া সম্ভব হয়।
বংশাল থানার ওসি শাহীন ফকির বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কসাইটুলীর এক ব্যক্তি জানান যে, তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাসপাতালে নিতে পারছেন না। করোনা উপসর্গ আছে শুনে কোনো অ্যাম্বুলেন্সও আসতে চাচ্ছে না।
“খবরটি জানার পর পুলিশের একটি গাড়ি ভালো করে জীবাণুমুক্ত করে ওই নারীর কাছে নিয়ে যাওয়া হয়।”
“পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে ফোন করলে তিনি দ্রুত নিয়ে যেতে বলেন এবং হাসপাতালে নেওয়ার পর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়।”
এরপর পুলিশই কিছু খাবার দিয়ে ওই নারীকে আবার বাসায় দিয়ে আসে বলে জানান ওসি শাহীন ফকির।
আগামী ১৭ মে ওই নারীর সন্তান জন্ম দেওয়ার সম্ভাব্য তারিখ রয়েছে জানিয়ে ওসি বলেন, “তার স্বামীকে বলা হয়েছে সেদিনও যেন পুলিশকে ফোন করা হয়।”
নভেল করোনাভাইরাসে এই পর্যন্ত ১২০০ এর বেশি পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ছয়জন।
