২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বোরো সংগ্রহের লক্ষ্য অর্জনে ডিসিদের সহায়তা চায় মন্ত্রণালয়

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবার বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছে খাদ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2020, 01:20 AM

Updated : 18 Aug 2022, 02:59 PM

খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম সম্প্রতি সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে পাঠানো এক চিঠিতে এই সহায়তা চান।

সেখানে বলা হয়, “কৃষকের উৎপাদিত শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণসহ খাদ্যশস্যের বাজারমূল্য স্থিতিশীল রাখা, নিরাপত্তা মজুদ গড়ে তোলা ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মৌসুমে সরকারিভাবে খাদ্যশস্য সংগ্রহ করা হয়। চলতি বোরো মৌসুমে ৮ লাখ মেট্টিক টন ধান এবং ১০ লাখ মেট্টিক টন সিদ্ধ চাল ও দেড় লাখ টন আতপ চাল সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।”

কোভিড-১৯ মহামারীর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের জন্য ডিসিদের অভিনন্দন জানান খাদ্য সচিব।

তিনি লিখেছেন, “করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত ধান ঘরে তোলা ও সরকারি সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং।

“স্থানীয় সংগ্রহ কমিটির সভাপতি হিসেবে আপনারা (ডিসি) বরাবরই সরকারি সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনে সুষ্ঠু পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্ব দিয়ে খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সার্বিক সহায়তা দিয়ে থাকেন।”

এ বছর বোরো মৌসুমে খাদ্য সংগ্রহ কার্যক্রম সফল করতে চারটি খাতে ডিসিদের সহযোগিতা চেয়েছেন খাদ্য সচিব।

>> কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মাধ্যমে প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে খাদ্য অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর এবং ইউনিয়নভিত্তিক লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা।

>> কোনোক্রমেই যেন কৃষক নন এমন ব্যক্তির নাম তালিকাভুক্তি না হয় এবং কৃষক ছাড়া অন্য কোনো মধ্যস্বত্বভোগী যাতে সরকারি গুদামে ধান সরবরাহ করতে না পারে সে বিষয়টি কঠোরভাবে তদারকি করতে হবে।

>> চাল সংগ্রহের ক্ষেত্রে মিলের প্রকৃত ছাঁটাই ক্ষমতা অনুযায়ী বরাদ্দ বিভাজন, মিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন এবং নির্দেশ সম্মত চাল সরকারি খাদ্য গুদামে প্রাপ্তি নিশ্চিতকরণের জন্য খাদ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সার্বিক সহায়তা।

>> কৃষকের অ্যাপ ব্যবহারের মাধ্যমে ধান বিক্রয়ে কৃষককে উদ্বুদ্ধকরণ ও অ্যাপে কৃষক নিবন্ধনে সহায়তা দিতে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদেরকে নির্দেশনা দেওয়া।

এসব বিষয়ে ডিসিদের ‘কার্যকরী ভূমিকা’ চলতি বোরো সংগ্রহ মৌসুম সফল করতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও চিঠিতে উল্লেখ করেছেন খাদ্য সচিব।