২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃস্থদের মাঝে নৌবাহিনীর ইফতার ও খাবার বিতরণ

নভেল করোনাভাইরাস মহামারী মোকাবিলায় দেশের উপকূলীয় ও প্রত্যন্ত এলাকায় দুঃস্থদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 08:42 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

এছাড়া নৌবাহিনীর সদস্যরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ফুটপাত ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।

বুধবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌবাহিনী কন্টিনজেন্ট উপকূলীয় জেলা বরগুনাসহ আশেপাশের এলাকাগুলোতে প্রায় ষোলশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

তাছাড়া খুলনা শহরের স্থানীয় বাস্তুহারা গল্লামারি ও রূপসা এলাকায় প্রায় ৩০০ দুঃস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

মোংলা নৌ কন্টিনজেন্ট দিগরাজ বাজার, সুন্দরবন, মিঠাখালী, মোংলা বন্দর এলাকা, বুড়িরডাঙ্গা ও চরকানাই এলাকায় টহল দেওয়ার পাশাপাশি স্থানীয় প্রায় ১৩ শ গরিব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে বলে আইএসপিআর জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য সহযোগিতা ছাড়াও নৌবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণকে সচেতন করতে সার্বক্ষণিকভাবে কাজ করে চলেছেন।

চট্টগ্রামের উপকূলীয় টেকনাফ, সন্দ্বীপ ও হাতিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নিয়োজিত নৌ কন্টিজেন্টসগুলো স্থানীয় অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়াসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলে সেখানে জানানো হয়।