জিওসিদের সঙ্গে সেনাপ্রধানের ভিডিও কনফারেন্স
করোনাভাইরাস সঙ্কটকালীন পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)দের সঙ্গে মতবিনিময় করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।
তিনি জিওসিদেরকে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় নির্দেশনা দেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জেনারেল আজিজ সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাদের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দকৃত রেশন থেকে অসহায়, দুস্থ ও গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রাখার নির্দেশ দেন।
অসুস্থ, গরিব রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখারও নির্দেশ দেন তিনি।
গত ২৪ মার্চ থেকে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় মাঠ পর্যায়ে বেসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী দেশের ৬২টি জেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে কাজ করছে।
জেনারেল আজিজ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। তার নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।”
ভিডিও কনফারেন্সে জিওসিরা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রমের বিষয়গুলো সেনাপ্রধানকে জানান।
ভিডিও কনফারেন্সে জেনারেল আজিজ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন, ৯ পদাতিক ডিভিশন, ১০ পদাতিক ডিভিশন, ১৭ পদাতিক ডিভিশন, ১৯ পদাতিক ডিভিশন, ২৪ পদাতিক ডিভিশন, ৩৩ পদাতিক ডিভিশন, ৫৫ পদাতিক ডিভিশন, ৬৬ পদাতিক ডিভিশন, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এবং ঢাকা, লজিস্টিকস এরিয়ার জিওসির সঙ্গে মতবিনিময় করেন।
