আদালতের ছুটিও ১৬ মে পর্যন্ত
করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারে ঘোষিত ‘সাধারণ ছুটির’ সাথে মিলিয়ে দেশের সব আদালতেও ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।
আগামী ১৬ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার এক বিজ্ঞপ্তি দিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর।
এদিকে অবকাশ, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আগামী ১৭ মে থেকে ৩০ মে পর্যন্ত সুপ্রিম কোর্টে ছুটি থাকবে।
সুপ্রিম কের্টের ক্যালেন্ডারেও এ ছুটির উল্লেখ রয়েছে। ফলে ৩১ মে’র আগে আর খুলছে না দেশের সর্বোচ্চ আদালত।
করোনাভাইরাস মহামারীর মধ্যে সোমবার সাধারণ ছুটির মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়েছে সরকার।
আগামী ৭ থেকে ১৪ মে পর্যন্ত নতুন করে সাধারণ ছুটি ঘোষণা করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ মে বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি, ৮ ও ৯ মে এবং ১৪ ও ১৫ মের সাপ্তাহিক ছুটির দিনগুলোও এর অন্তর্ভুক্ত করা হয়েছে।
সাধারণ, সরকারি ও সাপ্তাহিক ছুটির এ ধারাবাহিকতা উল্লেখ করে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হল। ছুটির সময়ে সব কর্মকর্তা কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”
