২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরের ৯০% ধান কাটা শেষ: কৃষিমন্ত্রী

করোনাভাইরাস মহামারীর কারণে লকডাউনের মধ্যে দেশের হাওর অঞ্চলের ৯০ দশমিক ০২ শতাংশ ধান কৃষকরা কেটে ইতোমধ্যে ঘরে তুলেছেন বলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2020, 12:10 PM

Updated : 10 Oct 2022, 07:09 PM

পুরনো খবর:

হাওরে ধান কাটতে অন্য জেলার শ্রমিক আনার উদ্যোগ

মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হাজির হয়ে তিনি হাওরের ধানা কাটা পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

কৃষিমন্ত্রী বলেন, কেবল হাওরে এবার ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯৬৪ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।

হাওরের অবশিষ্ট ১০ শতাংশ ধান এ সপ্তাহের মধ্যে কাটা শেষ হবে জানিয়ে রাজ্জাক বলেন, হাওর এলাকায় ১৬৫ দিন জীবনকাল সম্পন্ন ব্রি-২৯ ধানের ধানের আবাদ থাকায় কাটার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।

কৃষিমন্ত্রী জানান, হাওরাঞ্চলে (হাওর ও সাধারণ জমি মিলিয়ে) এবার ৯ লাখ ৩৬ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে এ পর্যন্ত কাটা হয়েছে ৬ লাখ ১১ হাজার ৮১৩ হেক্টর জমির ধান; যা হাওরের জেলাগুলোতে মোট আবাদের ৬৫ দশমিক ৩৪ শতাংশ।

অন্যদিকে সারা দেশে ৪৭ লাখ ৫৪ হাজার ৪৪৭ হেক্টর জমির বোরো ধানের মধ্য ১১ লাখ ৮৮ হাজার ৬১১ হেক্টরের ধান কাট শেষ হয়েছে, যা মোট আবাদের ২৫ শতাংশ।

জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সমতল ভূমির ধান কাটাও শেষ হবে তারা আশা করেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, “অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ধান কাটা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছিলেন।… আগাম বন্যায় কোনো কোনে বছর হাওরের ধান নষ্ট হয়, এবার তা হয়নি; আবহাওয়া পুরো অনুকূলে ছিল।”

হাওর অঞ্চলের ধান কাটার কাজে সাড়ে তিন লাখ কৃষক নিয়োজিত আছে বলেও জানান কৃষিমন্ত্রী। জনপ্রতিনিধি, বিভিন্ন ছাত্র ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ধান কাটায় কৃষককে বিভিন্নভাবে সহযোগিতা করায় তাদের তিনি ধন্যবাদ জানান।

ধান কাটার যন্ত্রপাতি সরবরাহ নিয়ে কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে করোনাভাইরাসের প্রভাব এড়াতে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুয়ায়ী কৃষি যন্ত্রপাতি সরবরাহে জরুরি সহায়তা বাবদ প্রথম পর্যায়ে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ৮০৩টি কম্বাইনড হারভেস্টার ও ৪০০টি রিপার দেওয়া হয়েছে।

এছাড়া দ্বিতীয় পর্যায়ে আরও ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়ে ৫১৯টি কম্বাইনড হারভেস্টার ও ৫০৮টি রিপারসহ মোট ১৩২২টি কম্বাইনড হারভেস্টার ও ৯০৮টি রিপার বরাদ্দ দেওয়া হয় বলে জানান কৃষিমন্ত্রী।

“এসব কৃষি যন্ত্রপাতির মধ্যে হাওর অঞ্চলে ৩৭০টি কম্বাইনড হারভেস্টার ও ৪৫৫টি রিপার ধান কাটায় ব্যবহার হচ্ছে।”

মন্ত্রী বলেন, কৃষকের ‘ন্যায্যমূল্য প্রাপ্তি’ নিশ্চিত করার পাশাপাশি বিপদের এই সময়ে দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান, দেড় লাখ মেট্রিক টন আতপ চাল, ১০ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৭৫ হাজার মেট্রিক টন গমসহ ২০ লাখ ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশষ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কৃষিখাতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোও সংবাদ সম্মেলনে বিস্তারিতভাবে তুলে ধরেন মন্ত্রী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাতটি জেলায় শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন। এ লক্ষ্যমাত্রার প্রায় ২০ শতাংশ আসবে হাওর অঞ্চল থেকে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে, সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ।

গণপরিবহন বন্ধ থাকায় এবং কোভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে থাকায় হাওর অঞ্চলের ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয় এবার।

পরে প্রশাসনের হস্তক্ষেপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের ধান কাটতে হাওর এলাকায় পাঠানো হয়। এদের রাতে থাকার জন্য ওইসব এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোও খুলে দেওয়া হয়েছে।

কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, অতিরিক্ত সচিব মো. আরিফুর রহমান অপু, কমলারঞ্জন দাশ ও মো. হাসানুজ্জামান কল্লোল এবং কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।