আরও দেড় শতাধিককে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স
কোভিড-১৯ মহামারীতে ভারতে আটকে পড়া দেড় শতাধিক বাংলাদেশিকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বেসরকারি এই বিমান সংস্থার বিশেষ একটি ফ্লাইট বৃহস্পতিবার দুপুরে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, এই ফ্লাইটে ১৬৪ জন বাংলাদেশি ফিরেছেন।
নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর বিশ্বে বিমান চলাচল সীমিত হয়ে পড়ার পর ভারত থেকে কয়েক ধাপে এক হাজারের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই বাংলাদেশের যাত্রীবাহী বিমান চলাচল রয়েছে। তবে চার্টার্ড ফ্লাইট ও কার্গো ফ্লাইট চলছে।
