২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: হাসপাতালে সন্দেহভাজন রোগী এলে জানাতে হবে নিয়ন্ত্রণ কক্ষে

সরকারি বা বেসরকারি যে কোনো হাসপাতালে সন্দেহভাজন কোভিড-১৯ রোগী এলে তা  স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ এর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষে জানাতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2020, 09:10 PM

Updated : 10 Oct 2022, 07:08 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক নির্দেশনায় একথা বলা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি বা বেসরকারি কোনো হাসপাতালে কোনো মুমূর্ষু রোগী কোভিড-১৯ রোগে আক্রান্ত বলে যদি সন্দেহ হয়, কোনো কারণে উক্ত হাসপাতালে ভর্তি করানো যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে উক্ত রোগীকে অপেক্ষমাণ রেখে স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ এর সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের নিম্নোক্ত চারটি নম্বরের যে কোনোটিতে ফোন করে উক্ত রোগীর চিকিৎসা বা ভর্তি সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হল।

হটলাইন নম্বরগুলো হল- ০১৩১৩-৭৯১১৩০, ০১৩১৩-৭৯১১৩৮, ০১৩১৩-৭৯১১৩৯ ও ০১৩১৩-৭৯১১৪০।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, “নিয়ন্ত্রণ কক্ষ থেকে উক্ত রোগীর ভর্তি বা চিকিৎসার বিষয়ে করণীয় সমন্বয় করা হবে।”

কোভিড-১৯ এর লক্ষণ-উপসর্গ নিয়ে গেলে বিভিন্ন হাসপাতাল বিনা চিকিৎসায় ফিরিয়ে দিচ্ছে বলে করোনাভাইরাস আক্রান্ত ও স্বজনদের অভিযোগ রয়েছে।

গত বুধবার সকালে একজন কোভিড-১৯ রোগী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মুগদা জেনারেল হাসপাতালে গেলে সেখানে তাকে ভর্তি করা হয়নি। তার পরিবারের অভিযোগ, সেখানে সিট না থাকার ‘অজুহাত দেখিয়ে’ চিকিৎসকরা রোগীকে ভর্তি করাননি। রোগী হাসপাতালে বাইরের এক ঘণ্টা বসেছিলেন। পরে স্বজনরা তাকে সেখান থেকে নিয়ে যান।

সংবাদমাধ্যমে এমন অভিযোগ আসার প্রেক্ষাপটে স্বাস্থ্য অধিদপ্তরের এই নির্দেশনা এলো।

এ বিষয়ে জানতে চাইলে নাসিমা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতালগুলো রোগী এলে সরাসরি ফিরিয়ে দিতে পারবে না। রোগীর চিকিৎসার ব্যবস্থাপনা কেমন হবে বা কী করতে হবে, তা জেনে নিতে হবে কন্ট্রোল রুম থেকে।”