বিনা সুদে ঋণ পাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা
করোনাভাইরাস সংকটের মধ্যে আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সে অনুযায়ী সমিতির সদস্য প্রায় তিন হাজার আইনজীবী অনলাইনে আবেদনও করেছেন। এখন সেগুলো যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে আছে। এরপর ঋণ বিতরণ করা হবে।
লকডাউনের মধ্যে গত ১৫ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সমিতির এক সভায় আইনজীবীদের সুদমুক্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৫ এপ্রিল ছিল আবেদনের শেষ তারিখ।
এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১০ হাজার সদস্যের মধ্যে প্রায় তিন হাজার আইনজীবী অনলাইনে এ আবেদন করেছেন বলে জানিয়েছেন সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনাভাইরাসের কারণে যেহেতু আদালত বন্ধ, আইনজীবীরা যেহেতু আদালতে যেতে পারছেন না, তাই তাদের রোজগারও বন্ধ। সেই কারণে আইনজীবীদের আর্থিক বিষয়টা দেখার জন্য আইনজীবীদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা কিন্তু কোনো অনুদান না।”
কতদিনের জন্য ঋণ দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “তিন বছরের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। টাকাটা এককালীন দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা ঋণ নেবেন তারা টাকাটা কীভাবে দেবেন সেটা আমরা ঠিক করে দেব। এখনও সেটি ঠিক হয়নি।”
সবাইকে সমান হারে ঋণ দেওয়া হবে কি না জানতে চাইলে আমিন উদ্দিন বলেন, “সেটা এখনও ঠিক করি নাই। তবে না, যারা জুনিয়র তাদের চাইতে যারা অনেক দিন থেকে বারের সদস্য স্বাভাবিকভাবেই তারা একটু বেশি পাবেন। কারণ তাদের জমানো টাকা তো অনেক বেশি। তাদের টাকাই তো আমরা তাদের দিচ্ছি।”
এ বিষয়ে জানতে চাইলে সমিতির সম্পাদক আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টা আমাদের সমিতির অভ্যন্তরীণ বিষয়। সব কথা আমরা পাবলিকলি বলব না। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি একটি কল্যাণকামী সংগঠন। চলমান এই সঙ্কটে আমাদের সমিতির সদস্যদের কল্যাণের জন্যই আমরা এই চেষ্টাটা করছি।”
তবে সমিতির কোষাধ্যক্ষ রাগিব রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন যাচাই-বাছাই চলছে। আশা করছি, আগামী দুই সপ্তাহের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।”
দুই দফায় সিদ্ধান্ত পরিবর্তনের পর করোনাভাইরাস সঙ্কটের মধ্যে দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা গত রোববার ভিডিও কনফারেন্সে সভা করে আদালতের কার্যক্রম ৫ মে পর্যন্তই বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। আদালতের কার্যক্রম বন্ধ থাকায় আইনজীবীদের আয়ের পথও আপাতত বন্ধ।
