ঢাকায় কোয়ারেন্টিনে থাকা কনস্টেবলের মৃত্যু
সন্দেহভাজন করোনাভাইরাসের রোগীর সংস্পর্শে আসায় কোয়ারেন্টিনে থাকা এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত এই কনস্টেবলের নাম মোহাম্মদ জসিম (৪০)। তিনি ওয়ারী থানার একটি পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জসিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক দেখে জানান, এই পুলিশ সদস্য মারা গেছেন।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার শাহ ইফতেখার আহমেদ কোয়ারেন্টিনে থাকা জসিমের মঙ্গলবার রাতে মারা যাওয়ার খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কিছুদিন ধরেই জসিম ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টিনে ছিলেন।
“মঙ্গলবার রাতে অবস্থা গুরুতর হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল।”
তার মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এনিয়ে ঢাকায় কোয়ারেন্টিনে থাকা পুলিশের দুই সদস্যের মৃত্যু হল।
পুলিশে দুই শতাধিক সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আক্রান্তদের বাইরে আরও ৬৫২ জন কোয়ারেন্টিনে রয়েছেন।
