২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলি ফ্যামিলি হাসপাতালও শুধু কোভিড-১৯ রোগীদের জন্য

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মধ্যে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2020, 10:50 PM

Updated : 18 Aug 2022, 02:55 PM

স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মো. আবু রায়হান মিঞার স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

শনিবারের ওই চিঠিতে আরও বলা হয়, হলি ফ্যামিলি হাসপাতালের সাথে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে হাসপাতালটি শুধুমাত্র কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার জন্য পরিচালিত হবে।

এই হাসপাতালে কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য পরিচালনা ব্যয় নির্ধারণ করে রোগীর চিকিৎসার ব্যয় বাবদ খরচ সরকার থেকে বহন করা হবে বলেও চিঠিতে বলা হয়।

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়া এলাকার রেলওয়ে হাসপাতাল, নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতাল এবং মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে।

এর বাইরে বেসরকারি হাসপাতালের মধ্যে রিজেন্ট হাসপাতাল কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। এছাড়া ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল, মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হচ্ছে।

এদিকে প্রায় সপ্তাহদুয়েক ধরে প্রতিদিন শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় দেশে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে বলে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, রোববার পর্যন্ত কোভিড-১৯ রোগে ১৪৫ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট ১২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

পুরনো খবর:

করোনাভাইরাস: মৃত্যু বেড়ে ১৪৫, আক্রান্ত মোট ৫৪১৬