চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম দিল ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার
করোনাভাইরাস মহামারীর মধ্যে ক্যান্সার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ও নার্সদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার।
শনিবার সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ২০০ সেট উন্নত মানের পিপিই কিনে বাংলাদেশের পাঁচটি হাসপাতালের অনকোলজি বিভাগে দিয়েছেন তারা।
হাসপাতালগুলো হল- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল।
এছাড়া হসপিচ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠানকেও সহায়তা দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সার ২০১২ সাল থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি মূলত ক্যান্সার চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং শিশু ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে।
