এবার ইফতারির পসরা বসবে না চকবাজারে
‘বড় বাপের পোলায় খায়, ঠোঙা ভইরা নিয়া যায়’- চকবাজারের শাহী মসজিদের সামনের রাস্তায় পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারীর বাজারে এমন হাঁকডাক এবার রোজায় শোনা যাবে না।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অবরুদ্ধ দেশে এই বাজারও স্থবির হয়ে গেছে। কোনো ইফতারির দোকান এবার বসতে পারবে না চকবাজারে।
রোজা শুরুর ক’দিন আগে বুধবার চকবাজার থানার ওসি মওদুত হওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চকবাজারের ইফতারির হাট এ বছর বসতে পারবে না। করোনাভাইরাস বিস্তাররোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
মহামারী ঠেকানোর পদক্ষেপে জরুরি পণ্যের দোকান ছাড়া আর সবই থাকছে এখন বন্ধ। ঢাকায় দুপুর ২টার পর ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ থাকছে।
“রমজানেও এ ব্যতিক্রম ঘটবে না,” বলেন ওসি মওদুত। অর্থাৎ চকবাজারেও দুপুর ২টার পর কোন দোকান বসছে না।
ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুধু চকবাজার নয়,লালবাগ বিভাগের ছয়টি থানা ছাড়াও ঢাকা মহানগরেই দুপুর ২টার পর ওষুধের দোকান ছাড়া আর কোনো দোকানপাট খোলা থাকবে না।
সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে চকবাজারের ইফতারির বাজার চালু থাকবে কীভাবে?”
শুক্রবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে রোজা শুরু হবে শনিবার থেকে; আর দেখা না গেলে রোজা শুরু হবে রোববার থেকে।
