সম্পাদকদের বিরুদ্ধে মামলায় আর্টিকেল নাইনটিনের নিন্দা
ত্রাণের চাল চুরি নিয়ে সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীসহ দুই সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিন।
বুধবার এক বিবৃতিতে ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই মামলা বিষয়ক পরবর্তী কোনো পদক্ষেপ না নিতে এবং অবিলম্বে মামলাটি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে তারা।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠটির বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বিবৃতিতে বলেন, ”ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলোর অপব্যবহার করে যেভাবে সাংবাদিক ও অধিকারকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে, এই মামলা সেই ধারাবাহিকতায় নতুন সংযোজন।
”এমন একটি সময়ে এ মামলা করা হলো-যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ত্রাণ বিতরণে অনিয়ম ও আত্মসাতের খবর সাংবাদিকরা তুলে আনছেন। আর এসব সংবাদের ভিত্তিতেই প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম বন্ধে তৎপর হচ্ছে। সেই দিক থেকে এই মামলাটি তৃণমূল পর্যায়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে বর্তমানে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিল।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি হয়েছে ঠাকুরগাঁওয়ে; সেটি করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের বালিয়াডাঙ্গী উপজেলা কমিটির নেতা মোমিনুল ইসলাম ভাসানী।
ফারুখ ফয়সল আরও বলেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এক মাসের ব্যবধানে তিনটি গণমাধ্যমের সর্বোচ্চ নির্বাহীর বিরুদ্ধে প্রায় একইভাবে মামলা হল, যা সাম্প্রতিক সময়ে নজিরবিহীন।”
এক্ষেত্রে গত ৯ মার্চ মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মামলার প্রসঙ্গ তুলে ধরা হয় বিবৃতিতে।
ওই মামলা দায়েরের পর থেকে নিখোঁজ আছেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, যাকে মামলার আসামি করা হয়েছে।
মামলাটি প্রত্যাহারের পাশাপাশি কাজলের সন্ধান বের করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছ আর্টিকেল নাইনটিন।
