২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাড়াটিয়াকে বের করে দেওয়ায় বাড়ির মালিক গ্রেপ্তার

করোনাভাইরাস সংকটের মধ্যে এক মাসের বকেয়া ভাড়ার জন্য এক ভাড়াটিয়ার বাসায় ভাংচুর এবং তাদের বের করে দেওয়ার ঘটনায় কলাবাগানের একটি বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2020, 12:32 AM

Updated : 18 Aug 2022, 02:54 PM

নূর আতকার শম্পা নামে ওই বাড়ি মালিককে মঙ্গলবার রাত ৯টার পর ধানমন্ডি এলাকার একটি বাসার সামনে থেকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর এইচএম পারভেজ আরেফিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলাবাগান থানার ফ্রি স্কুল স্ট্রিট এলাকার এই বাড়ি মালিক গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্বামী শহিদুল্লাহ খানকে নিয়ে বাড়ির নিচতলার ভাড়াটিয়া সেলিম হোসেনের কাছে গিয়ে মার্চ মাসের ভাড়া চান।

“কিন্তু বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে সব কাজ বন্ধ হওয়ায় আগামী মাসে এক সাথে ভাড়া দেবে বললে তারা মানেনি। পরে বাড়ির মালিক এবং তার স্বামী বাসার জিনিসপত্র ভাংচুর, মারধর করে ভাড়াটিয়ার পরিবারের সব সদস্যকে রাত সাড়ে ১০টার দিকে বের করে মূল গেইটে তালা লাগিয়ে দেন।”

সারা রাত বাড়ির বাইরে কাটানোর পরের দিন র‌্যাব-পুলিশের সহায়তায় ওই পরিবার বাসায় ঢোকে। পরে এই ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন সেলিম হোসেন।

র‌্যাব কর্মকর্তা পারভেজ জানান, মামলায় পুরো ঘটনার বর্ণনা দিয়ে বাড়ির মালিক শম্পা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। 

“মামলার পর থেকেই এই দম্পতি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডির একটি বাসা থেকে বের হয়ে অন্য কোথাও যাওয়ার সময় শম্পাকে গ্রেপ্তার করা হয়।”