চিকিৎসকদের পিপিই-মাস্ক দিলেন তথ্য প্রতিমন্ত্রী
নতুন করোনাভাইরাস থেকে সুরক্ষায় জামালপুর সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পিপিই ও সার্জিক্যাল মাস্ক দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
সোমবার রাতে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুরে তথ্য প্রতিমস্ত্রী মুরাদ হাসানের নিজ বাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ৪০টি পিপিই এবং ৫০ পিস সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন।
প্রতিমন্ত্রী মুরাদ এসময় বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় দেশের নাগরিকদের সুরক্ষার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
“সবাইকে সচেতন হতে হবে। প্রত্যেককে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব সঠিকভাবে পালন করলে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে।”
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল উপস্থিত ছিলেন।
