বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অর্থায়ন বন্ধে ট্রাম্পের ঘোষণার নিন্দায় শান্তি পরিষদ
কোভিড-১৯ মহামারীর সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) যুক্তরাষ্ট্রের অর্থায়ন বন্ধের ঘোষণার নিন্দা জানিয়েছে বাংলাদেশ শান্তি পরিষদ।
রোববার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় প্রমাণিত হয়েছে, তিনি বিশ্ব জনমতের কোনো তোয়াক্কাই করেন না।
করোনাভাইরাস মোকাবেলায় ডব্লিউএইচও তার ‘প্রাথমিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে’ বলে অভিযোগ তুলে সংস্থাটিত তহবিল জোগানো বন্ধের নির্দেশ সম্প্রতি দেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে বলেও অভিযোগ রয়েছে তার।
বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক শাহজাহান খান বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ঘোষণা ‘খুবই অনভিপ্রেত ঘটনা’।
“জাতিসংঘের কোনো নির্দেশনা ছাড়া কিংবা কোনো আন্তর্জাতিক সংস্থার তদন্ত ব্যাতিরেকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থায়ন এভাবে একতরফা বন্ধ করে দেওয়ার ঘোষণায় সারা বিশ্বের জনগন চরমভাবে হতাশ হয়েছে।”
যখন গোটা পৃথিবীর মানুষ করোনাভাইরাসের সংক্রমণে প্রাণ হারাচ্ছে, তখন ওষুধ ও প্রতিষেধক আবিষ্কার ও গবেষণার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এখন আরও বেশি অর্থ দেওয়া প্রয়োজন বলে মনে করে শান্তি পরিষদ।
“তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট বাজেটের ১৫ শতাংশ অর্থ প্রদানকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার অর্থায়ন বন্ধ করে দেয়, তাকে কোনোভাবেই তাকে দায়িত্বশীল আচরণ বলা যায় না,” বলা হয় বিবৃতিতে।
“এই দুর্যোগময় সময়ে যখন বিশ্বের সকল রাষ্ট্রগুলোর মধ্যে আরও দৃঢ় ঐক্য ও সহমর্মিতা প্রয়োজন, তখন মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা প্রমাণ করে, তিনি বিশ্ব জনমতের কোনো তোয়াক্কা করেন না এবং যুক্তরাষ্ট্রসহ দুনিয়ার লাখ লাখ করোনা আক্রান্ত মানুষের জীবনের কোনো মূল্যই তার কাছে নেই।”
শান্তি পরিষদের সম্পাদকমণ্ডলীর সদস্য হাসান তারিক চৌধুরীর সংগঠনের এই বিৃবতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।
