কোভিড-১৯ রোগীদের উন্নত মানের খাবার দিতে বরাদ্দ দ্বিগুণ
দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের খাবারের বরাদ্দ দ্বিগুণেরও বেশি বাড়িয়েছে সরকার।
রোগীদের উন্নতমানের খাবার দিতে প্রতিদিনের বরাদ্দ ১২৫ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ।
সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন রোগীদের উন্নত মানের খাবার সরবরাহের জন্য পথ্য খাতে প্রতিদিন জনপ্রতি ১২৫ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা (আয়কর ও ভ্যাটসহ) ব্যয়ের অনুমতি প্রদান করা হল।
এই পরিপত্র করোনাভাইরাস (কোভিড-১৯)-এ আক্রান্ত চিকিৎসাধীন ব্যক্তির পথ্য খাতে ব্যয় ছাড়া অন্য কোনো ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির মধ্যে এই রোগীদের খাবারের মান উন্নয়নে পদক্ষেপ নিল সরকার।
বৈশ্বিক মহামারী সৃষ্টি করা অতি সংক্রামক এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৩৪১ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এ নিয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৭২ জন। আর মারা গেছেন ৬০ জন।
