ব্লিচিং পাউডারের দ্রবণ শরীরে ছিটাতে মানা স্বাস্থ্য অধিদপ্তরের
নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শরীরে ব্লিচিং পাউডারের দ্রবণ না ছিটানোর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যায় সব সিভিল সার্জনদের উদ্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক শাহনীলা ফেরদৌসী স্বাক্ষরিত এক চিঠিতে দেশের এই দ্রবণ ছিটানো বন্ধের নির্দেশনা এসেছে ।
এতে বলা হয়েছে, “বিভিন্ন পত্রপত্রিকায় সরাসরি মানবদেহে জীবাণুনাশক ছড়ানো ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে , উক্ত কাজে জীবাণুনাশক হিসেবে ব্লিচিং পাউডারের (হাইপোক্লোরাইট) দ্রবণ ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের উন্মুক্ত বহিঃঅঙ্গসহ চোখ-মুখের জন্য ক্ষতিকর।
“এই রূপ ছড়ানো বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী বিধিবদ্ধ নয়। স্বাস্থ্য অধিদপ্তর বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে।”
দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধে জীবাণুনাশক ছিটানোর মেশিন ও ব্লিচিং পাউডারের ব্যবহার বেড়ে গেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলছে, বার বার হাত ধুয়ে এবং একই সাথে যেসব জিনিসপত্র ধরা হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব।
অত্যন্ত ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে লোকজন তাদের কনুই দিয়ে দরজা খোলার চেষ্টা করছেন, সিঁড়ি বেয়ে উপরে উঠা বা নামার সময় রেলিং ধরছেন না, বাসা-বাড়ি জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করছেন, রাস্তা-ঘাটেও জীবাণুনাশক ছিটানো হচ্ছে। অনেকে জুতার তলায়ও স্প্রে করছেন ব্লিচিং মেশানো পানি।
রাজধানীতেও দুই সিটি করপোরেশনের উদ্যোগ রাস্তা-ঘাটে, ডাস্টবিনে ব্লিচিং পাউডারের মিশ্রণ ছিটানো হচ্ছে।
বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন এক লাখ ৫৪ হাজার লিটার ব্লিচিং পাউডার মিশ্রিত তরল বিভিন্ন এলাকায় ছিটানো হয়েছে।
