আইজিপির দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) দায়িত্ব নিলেন বেনজীর আহমেদ।
বিদায়ী আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন তিনি। বাংলাদেশের ৩০তম আইজিপি হলেন বেনজীর আহমেদ।
বুধবার বিকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।
নভেল করোনাভাইরাস সংক্রমণের মধ্যে আইজিপির দায়িত্ব গ্রহণকালে যে আনুষ্ঠানিকতা এতদিন হয়ে আসছে, তা এবার থাকবে না বলে আগেই জানানো হয়েছিল।
তবে বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণের জন্য পুলিশ সদরদপ্তরে এসে পৌঁছালে তাকে গার্ড অফ অনার এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আইজিপি হিসেবে যোগ দেওয়ার আগে পাঁচ বছর র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন বেনজীর আহমেদ। ২০১৫ সালের ৭ জানুয়ারি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর আহমেদ সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।
গোপালগঞ্জে জন্মগ্রহণ করা বেনজীর স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডি ডিগ্রিও আছে তার।
এদিকে বুধবার পুলিশের অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র্যাবের মহাপরিচালকের দায়িত্বভার গ্রহণ করেছেন বলে র্যাব সদরদপ্তর থেকে জানানো হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর। সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা ২০২৩ সালের ১১ জানুয়ারি অবসরে যাবেন।
