২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি দেখে সংসদের খবর সংগ্রহের অনুরোধ

সংসদ টিভি ও বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে সংসদ অধিবেশনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের অনুরোধ করেছে সংসদ সচিবালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 03:26 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়ে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে সকলের নিরাপত্তার কথা ভেবে এবারের অধিবেশন ‘অত্যন্ত সংক্ষিপ্ত’ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের স্ব স্ব অবস্থানে থেকে সংসদ টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অধিবেশন দেখে খবর সংগ্রহ করাপর অনুরোধ জানানো হচ্ছে।”

এমনিতে সংসদ অধিবেশনের সংবাদ সংগ্রহে তথ্য অধিদপ্তরের মাধ্যমে সাংবাদিকদের পাস সরবরাহ করে সংসদ সচিবালয়। এবার তা করা হচ্ছে না।

সংবিধানের ‘নিয়ম রক্ষায়’ করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই আগামী ১৮ এপ্রিল বসতে যাচ্ছে সংসদের সপ্তম অধিবেশন। গত ৬ এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

একাদশ সংসদের সর্বশেষ (ষষ্ঠ) অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসেবে ১৮ এপ্রিলের মধ্যে সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে মুজিববর্ষ উপলক্ষে ৩ মার্চ সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, যা ২২ মার্চ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির কারণে অধিবেশন বাতিল করেন রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বয়স্ক ও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় এমন সংসদ সদস্যদের অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হবে। আইনপ্রণেতাদের কাছে এমন বার্তা পৌঁছে দিতে হুইপদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকায় অবস্থানরত এবং ঢাকার আশপাশের সংসদীয় এলাকার সদস্যদের অধিবেশনে উপস্থিতিকে উৎসাহিত করা হবে।

সংসদ সশ্লিষ্টরা বলছেন শুরুর দিনই শেষ হয়ে যাবে এবারের সংসদের অধিবেশন।

পুরনো খবর:

ইতিহাসের সংক্ষিপ্ততম সংসদ অধিবেশন বসতে যাচ্ছে
মহামারীর মধ্যেই বসছে ‘নিয়ম রক্ষার’ সংসদ