রাষ্ট্রপতির সঙ্গে আইজিপির বিদায়ী সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের বিদায়ী মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিদায়ী আইজিপি বঙ্গভবনে যান।
তিনি বলেন, “সাক্ষাতের সময় আইজিপি তার সময়ে বাংলাদেশ পুলিশের গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও রাষ্ট্রপতিকে বলেন।”
আইজিপির দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য জাবেদ পাটোয়ারী রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি পুলিশের বিভিন্ন জনবান্ধব কর্মসূচির প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
২৫ মাস ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসা জাবেদ পাটোয়ারী সোমাবারই তার চাকরির মেয়াদ শেষ করলেন।
তার জায়গায় পুলিশ মহাপরিদর্শকের দায়িত্বে আসছেন অতিরিক্ত মহা পরিদর্শক বেনজীর আহমেদ, যিনি এতদিন র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
