২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী

নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে বাংলা নববর্ষের আগের দিন জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2020, 11:18 AM

Updated : 08 Apr 2022, 12:37 AM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সম্প্রচারমাধ্যমে সরকারপ্রধানের এই ভাষণ প্রচার করা হবে।

মঙ্গলবার বাংলা ক্যালেন্ডারের নতুন বছর-বঙ্গাব্দ ১৪২৭ শুরু হচ্ছে এমন এক পরিস্থিতিতে, যখন করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের ১৭ কোটি মানুষকে লকডাউনের মধ্যে কাটাতে হচ্ছে ঘরবন্দি জীবন।

নতুন বছরে পুরনো সব জীর্ণতা মুছে যাবে- এই প্রত্যাশা নিয়ে প্রতি বছর নানা আয়োজনে বৈশাখের প্রথম দিনটি উদযাপন করে বাংলাদেশের মানুষ।

বর্ষবরণের এ আয়োজনই বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। বৈশাখের প্রথম সকালে চারুকলার যে ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়, তা এখন ইউনেস্কোর ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’।

কিন্তু এবার মহামারীর মধ্যে পহেলা বৈশাখে নববর্ষের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘরে থেকে পরিবারের সঙ্গে উদযাপনে বাধা নেই। কিন্তু বাইরে জনসমাগম করে কোনো ধরনের উদযাপন যেন না হয়।   

বাংলাদেশে এ পর্যন্ত ৬২১ জন কোভিড-১৯ রোগী ধরা পড়েছেন, এর মধ্যে মৃত্যু ঘটেছে ৩৪ জনের। গত ২৫ মার্চ থেকে সব অফিস-আদালত এবং যানবাহন চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে।

চার দফায় এই ঘরবন্দি দশার মেয়াদ বেড়ে হয়েছে ২৫ এপ্রিল পর্যন্ত। সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে সরকারের তরফ থেকে।

পুরনো খবর:

করোনাভাইরাস: রপ্তানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকা
করোনাভাইরাস: নববর্ষের আয়োজনও বন্ধ
বর্ষবরণের সব অনুষ্ঠান স্থগিত
করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর ৩১ নির্দেশনা