২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদে আরবি পড়তে গিয়ে ধর্ষিত শিশু, ইমাম গ্রেপ্তার

রাজধানীতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2020, 04:46 PM

Updated : 08 Apr 2022, 12:28 AM

বৃহস্পতিবার সকালে ধর্ষণের ওই ঘটনার পরপরই পুলিশ মসজিদের ইমাম নাজির হোসেনকে (২৮) গ্রেপ্তার করে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহারের বরাত দিয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুর্মিটোলা পূর্বপাশ জামে মসজিদে প্রতিদিন সকালে শিশুদের আরবি পড়ান ইমাম নাজির।

“সকাল পৌনে ৭টার দিকে ওই শিশুও আরবি পড়তে আসলে নাজির তাকে মসজিদের পাশে নিরিবিলি জায়গায় নিয়ে ধর্ষণ করে।”

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আকলিমা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্ষণের সময় শিশুটির কান্না এবং চিৎকারে আশপাশের কয়েকজন ছুটে আসলে নাজির পালিয়ে যায়।”

পরে শিশুটিকে থানায় নেওয়া হলে দ্রুত তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে জানান এসআই আকলিমা।

“পরে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মসজিদের কাছাকাছি এলাকা থেকে ইমাম নাজিরকে গ্রেপ্তার করা হয়।”

নাজির দুই মাস আগে এই মসজিদে ইমামের দায়িত্ব নিয়েছিলেন বলে জানিয়েছেন ওসি নজরুল।