রাজীবের মৃত্যু: অভিযোগপত্রে আপত্তি পরিবারের
রাজধানীর কারওয়ান বাজারে দুই বাসের রেষারেষিতে তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর মামলায় দুই বাস চালকের বিরুদ্ধে পুলিশ দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন তার মামা জাহেদুল ইসলাম।
বুধবার ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে নারাজির আবেদন দাখিল করা হয়।
এ মামলায় ব্লাস্ট রাজীবের পরিবারকে আইনী সহায়তা দিচ্ছে। ব্লাস্টের পক্ষ থেকেই নারাজি আবেদন আনা হয়েছে।
এদিন বিচারক প্রাথমিক শুনানি নিয়ে আগামী ১ এপ্রিল পরবর্তী তারিখ রেখেছেন। ওইদিন নারাজি আবেদনের ওপর সবিস্তার শুনানি ও জাহেদুলের বক্তব্য শুনবেন বিচারক।
‘তদন্ত এবং অভিযোগপত্রে ত্রুটি, অনিয়ম ও পক্ষপাতিত্বের কারণে’ নারাজি আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রাজিবের মামা জাহেদুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আহত রাজীবের স্বাক্ষর করা এজাহার শাহবাগ থানায় পৌঁছে দিয়েছিলেন তার চাচা জাকির হোসেন, যা এজাহারেই উল্লেখ রয়েছে। মামলার বিচারের সময় রাজীবের স্বাক্ষর শনাক্তের মাধ্যমে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মধ্যে তার উল্লেখযোগ্য ভূমিকা পালন করার কথা। অথচ তাকে অভিযোগপত্রে সাক্ষীর তালিকায় রাখা হয়নি।
“আর অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০৪ ধারা যুক্ত না করে স্বল্পমাত্রার শাস্তির ৩০৪(খ) ধারা যুক্ত করা হয়েছে। সততার সঙ্গে তদন্ত করলে ৩০৪ ধারা যুক্ত করা হতো। সে কারণে আমি রাজিবের স্থলবর্তী হয়ে ক্ষতিগ্রস্ত সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে নারাজি আবেদন করেছি।”
বাদীপক্ষের অগোচরে গত ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. ইদ্রিস আলী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।
২ ফেব্রুয়ারি অভিযোগপত্র গ্রহণের তারিখের দিন বিষয়টি জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করে রাজীবের পরিবার।
অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেবেন বলে ওইদিনই জানিয়েছিলেন রাজীবের খালা জাহানারা বেগম (অভিযোগপত্রের পাঁচ নম্বর সাক্ষী)।
আদালত সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোহাম্মদ নিজামুদ্দিন ফকির সেদিন বলেছিলেন, অভিযোগপত্রে দুই চালকের লাইসেন্স সঠিক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে, আর সাক্ষী করা হয়েছে ১৬ জনকে।
আসামিরা হলেন- বিআরটিসি বাসের চালক ওয়াহিদ ও স্বজন পরিবহনের বাসচালক মো. খোরশেদ। বর্তমানে তারা জামিনে রয়েছেন।
বুধবার দুই আসামিই আদালতে হাজির ছিলেন।
২০১৮ সালের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারে বিআরটিসির একটি দ্বিতল বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন তিতুমীর কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন।
হোটেল সোনারগাঁওয়ের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের সামনে পৌঁছলে হঠাৎ পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটি ঘেঁষে অতিক্রম করে। এ সময় দুই বাসের চাপে রাজীবের ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার মাথায়ও প্রচণ্ড আঘাত লাগে।
দুর্ঘটনার পর তাকে প্রথমে শমরিতা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ এপ্রিল মারা যান তিনি।
