ফারমার্সের ৯০ কোটি টাকা আত্মসাতে ৪ কোম্পানি মালিকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে প্রায় ৯০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে চার প্রতিষ্ঠানের চার মালিককে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে মঙ্গলবার পুলিশের বিশেষ শাখায় (ইমিগ্রেশন) পাঠানো এক চিঠিতে ওই সব ব্যক্তি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেই বিষয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বলেন, অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. সামছুল আলমের সই করা চিঠিতে এ অনুরোধ করা হয়েছে।
যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন- ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান মেসার্স সিয়াম এন্টারপ্রাইজের মালিক মো. শামীম কবীর (হিলিম), মেসার্স ক্রিয়েটিভ ফিশিং ট্রলারের মালিক এ কে এম আবদুল মোতালেব, মেসার্স স্পার্কের মালিক সৈয়দ আসিফ হাসান ও মেসার্স ওপাল ট্রেডিং হাউসের মালিক মো. মনজুরুল আলম।
ওই চিঠিতে বলা হয়, “সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশের ভেতর মানিলন্ডারিংসহ বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”
তারা দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, এমন তথ্য দুদকের কাছে রয়েছে দাবি করে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।
দুদকের কর্মকর্তারা জানান, ফারমার্স ব্যাংক থেকে ঋণের নামে বিভিন্ন অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ব্যাংকটির দুটি শাখা থেকে প্রতিষ্ঠানগুলো প্রায় ৯০ কোটি টাকার আত্মসাত করেছে।
