২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণ ২২ বছরের ইতিহাস’

সাতই মার্চের ভাষণে স্বাধীনতার ডাক দেওয়ার আগে তার যৌক্তিকতা তুলে ধরে বঙ্গবন্ধু যেভাবে পাকিস্তানি শাসনের বঞ্চনার ইতিহাস তুলে ধরেছিলেন, তাই গুরুত্ব পেল এক আলোচনা অনুষ্ঠানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 04:30 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্ অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ১৯ মিনিটের ভাষণের পটভূমি তৈরি করতে বঙ্গবন্ধুর সময় লেগেছিল ২২ বছর। ভাষণে বঙ্গবন্ধু ১৯৪৮ সাল থেকে শুরু ১৯৭১ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছরের রাজনৈতিক ঘটনা প্রবাহ তুলে ধরেছিলেন।

“এ ভাষণ শুধু  ১৯৭১ সালে বাঙালি জাতিকেই অনুপ্রাণিত করেছিল তা নয়, বরং এই ভাষণ যুগে যুগে বিশ্বের সকল অবহেলিত, বঞ্চিত ও স্বাধীনতাকামী জাতি-গোষ্ঠীকে অনুপ্রেরণা জোগাতে থাকবে। এ কারণেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

এই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য অনুধাবনের জন্য নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান অধ্যাপক আখতারুজ্জামান।

তিনি বলেন, বঙ্গবন্ধু সকল যুগেই প্রাসঙ্গিক ও সমকালীন। তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে এবং তার উদার, মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধ ধারণ করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু সাতই মার্চে গণতন্ত্রের যে ব্যাখ্যা দিয়েছেন এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আর হতে পারে না।

“তিনি বলেছেন, 'একজন মানুষও যদি ন্যায়ের পক্ষে কথা বলে, তাহলে আমরা তার কথা শুনব’। মানুষের অধিকার প্রতিষ্ঠায় এর চেয়ে সুন্দর কথা আর কী হতে পারে?”

ডাকসুর ভিপি নূরুল হক নূর বলেন, “জাতির পিতার স্বপ্ন ছিল বাঙালিরা হাসবে, বাঙালিরা খেলবে, বাঙালিরা পেট ভরে খাবে। কিন্তু আমাদের দেশে এখনও এমন মানুষ রয়েছে যারা খোলা ছাঁদের নিচে বাস করে, না খেয়ে দিন পার করে।

“তাই তার সেই স্বপ্ন পূরণ না হওয়ার পেছনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকে কীভাবে এই জাতিকে মুক্ত করব, তা নিয়ে ভাবতে হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধুকে ডিগ্রি প্রদানের পূর্বে পাকিস্তানি সামরিক শাসকদের ডিগ্রি বাতিলের আহ্বান জানান ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন।

তিনি বলেন, “পাকিস্তান রাষ্ট্র কায়েম হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় চরিত্রকে সরকারি চরিত্রে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে।ওই সময় পাকিস্তানের শোষক গোষ্ঠীর সামরিক শাসক ইস্কান্দার মির্জা, খাজা নাজিমুদ্দিন ও আইয়ুব খানের মতো ভাষা আন্দোলনের বিরোধিতাকারী সামরিক শাসকদের ডি-লিট ডিগ্রি প্রদান করা হয়েছে।

“আগামী সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশেষ সমাবর্তনে জাতির পিতাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের পূর্বে বাংলা বিরোধী, ভাষা আন্দোলনের বিরোধিতাকারী সামরিক শাসকদের ডি-লিট ডিগ্রি বাতিল করা যায় কিনা সে বিষয়ে বিবেচনা করার অনুরোধ রইল।”

সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।