প্রার্থিতা ফিরে পেতে মিথ্যা সাক্ষ্য, পুলিশে সোপর্দ
প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় নির্বাচন কমিশনে এসে আটক হলে বগুড়ার মো. আব্দুল মান্নান। মিথ্যা তথ্য দিয়ে প্রার্থিতা ফেরতের কৌশল নিয়েছিলেন এ ব্যক্তি।
বগুড়া-১ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। বাছাইয়ের সময় বাতিল হয়েছিল তার মনোনয়নপত্র।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে আপিল শুনানিতে এসেছিলেন তিনি।
কিন্তু মিথ্য তথ্য দেওয়ায় পুলিশের কাছে সোপর্দ করা হয় তাকে।
জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, “আব্দুল মান্নান নামে এক ব্যক্তিকে আটকে করে ইসি কর্মকর্তারা পুলিশে সোপর্দ করেছে। তার সঙ্গে আরও ছয় সহযোগী রয়েছে।”
তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ লিখিতভাবে আসেনি।
“অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হবে,” বলেন ওসি।
ইসির আইন শাখার কর্মকর্তারা সাংবাদিকদের জানান, আব্দুল মান্নান স্বতন্ত্র প্রার্থিতায় ১ শতাংশ ভোটারের সমর্থন সূচক প্রমাণ দেখাতে না পারায় গত ১ মার্চ মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় আব্দুল মান্নান নির্বাচন কমিশনে আপিল করেন।
এস আই ইব্রাহীম জানান, বৃহস্পতিবার বিকেলে আপিলের শুনানিতে ছয়জন সমর্থক নিয়ে আসেন। যারা বিভিন্ন এলকার ভোটার এবং মিথ্যা সাক্ষ্য দিয়েছেন।
আপিল শুনানিতে সিইসি কেএম নূরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
২৯ মার্চ ভোট হবে বগুড়া-১ উপ নির্বাচনে। তফসিল অনুযায়ী, প্রার্থীতা প্রত্যাহারে শেষ সময় ৮ মার্চ। আর প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ।
