২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: কুয়েতগামীদের পরীক্ষা শনিবার থেকে

কুয়েতে যাওয়ার আগে নভেল করোনাভাইরাসের পরীক্ষা বাধ্যতামূলক করায় যেসব বাংলাদেশি বিপাকে পড়েছিলেন, তাদের সমস্যার সমাধান হল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 11:10 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

কুয়েতগামীদের করোনাভাইরাস পরীক্ষা করে শনিবার সনদ দেওয়া হবে বলে স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৃহস্পতিবার কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

“আমরা তাদের ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, তাদের হিস্ট্রি নেব, দেখব করোনাভাইরাসের কোনো লক্ষণ-উপসর্গ আছে কি না। সবকিছু ঠিক থাকলে আমরা তাদের একটা সার্টিফিকেট দিয়ে দেব।”

এই সনদ নিতে হলে কুয়েত গমনেচ্ছুদের পাসপোর্ট, বিমানযাত্রার টিকেট এবং টিকেটের ফটোকপি আনতে হবে।

যাদের বিমানযাত্রা আগে, তাদের পরীক্ষাও আগে করা হবে বলে জানান অধ্যাপক আজাদ।

স্বাস্থ্য ভবনের এ সভায় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শাহনীলা ফেরদৌসীও উপস্থিত ছিলেন।

করোনাভাইরাস: কুয়েতে যেতে সনদ লাগবে বাংলাদেশিদের  

করোনাভাইরাস: সনদ নিতে বিপাকে কুয়েতের যাত্রীরা  

বিশ্বের ৭৫টি দেশ ও অঞ্চলের প্রায় লাখ মানুষ নভেল করোনাভাইরাস সংক্রমণের শিকার হওয়ার পর কুয়েতের এক সিদ্ধান্ত বিপাকে ফেলে সে দেশ গমনেচ্ছু বাংলাদেশিদের।

মঙ্গলবার কুয়েত সরকারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় তাদের দূতাবাস থেকে একটি সনদ নিয়ে তারপর সে দেশে যেতে হবে, যেখানে লেখা থাকবে ওই যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত নন।

৮ মার্চের পর ওই সনদ ছাড়া কোনো বাংলাদেশিকে সে দেশে ঢুকতে দেওয়া হবে না।

আরও নয় দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে।

কেউ নভেল করোনাভাইরাসে আক্রান্ত কি না, তা বোঝার একমাত্র উপায় রক্ত বা লালার পিসিআর (পলিমেরেজ চেইন রিঅ্যাকশন) পরীক্ষা। আর বাংলাদেশে ওই পরীক্ষার সুযোগ আছে কেবল রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট-আইইডিসিআরে।

 ফলে বুধবার যারাই কুয়েত দূতাবাসে সনদের জন্য গেছেন, তাদের সেখান থেকে একটি ফরম দিয়ে পিসিআর পরীক্ষার জন্য বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়।

কিন্তু আইইডিসিআর থেকে তাদের জানানো হয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। কুয়েত দূতাবাসও তাদের কিছু জানায়নি।

এই ঠেলাঠেলির মধ্যে বিপাকে পড়েন বহু প্রবাসী বাংলাদেশি, যারা ছুটিতে বাড়ি এসেছিলেন।

এরকম কয়েকশজন মহাখালীতে আইইডিসিআরের ফটকে জড়ো হয়ে ক্ষোভও প্রকাশ করে।