২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চ শেষের আগেই ‘মশামুক্ত’ ঢাকা চান আতিক

চলতি মার্চ মাস শেষ হওয়ার আগেই ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ‘মশামুক্ত’ করার আহ্বান জানিয়েছেন এই সিটি নবনির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2020, 09:00 PM

Updated : 18 Aug 2022, 02:38 PM

দ্বিতীয়বারের মতো মেয়রের শপথ নেওয়ার পর বৃহস্পতিবার উত্তরা কমিউনিটি সেন্টারে মশক নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশন-ডিএনসিসির এক জরুরি সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় আতিকুল ইসলাম বলেন, “মশা নিয়ন্ত্রণে সম্ভাব্য সব কিছু করতে হবে। নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমাদের ওপর জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী এক মাসের মধ্যে আমরা মশকমুক্ত শহর দেখতে চাই।”

মশক কর্মীরা যাতে ঠিক মতো কাজ করে সেজন্য তাদের তদারকির আওতায় আনা হবে জানিয়ে মেয়র বলেন, “অনেক মশককর্মী ঠিক মতো কাজ করে না। মশক নিধন কর্মী, ওয়ার্ড সচিব, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলর সবাইকে জবাবদিহি করতে হবে। মার্চ মাস শেষ হওয়ার আগেই মশা নিয়ন্ত্রণে আনতে চাই।”

পাশাপাশি যেসব বাড়ি বা স্থাপনায় মশার লার্ভা পাওয়া যাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জেল-জরিমানা করা হবে বলেও হুঁশিয়ার করেন আতিকুল ইসলাম।

সভায় ডিএনসিসির প্যানেল মেয়র জামাল মোস্তফা বলেন, সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

“মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সতর্ক করেছিলেন এই বলে যে, মশা যেন ভোট খেয়ে না ফেলে। তাই আমাদের মশা নিয়ন্ত্রণ করতেই হবে। আর যেন একটি মানুষও ডেঙ্গু-চিকুনগুনিয়ায় মৃত্যুবরণ না করে সেজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে।”

ওয়ার্ড পর্যায়ে মশক নিধন কার্যক্রমে গতি আনতে ১১টি মনিটরিং টিম গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আগামী রোববার থেকে প্রতিদিন প্রতিবেদন জমা দেওয়ার কাজ শুরু করবে এ টিম।

ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ওয়ার্ড কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন, মশক নিধন সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নান, ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান, ফোরকান হোসেন, ফরিদ আহমেদ, কাজী জহিরুল ইসলাম মানিক বক্তব্য রাখেন।

গত ২৭ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণের দিন নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতি মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৯ সালের মাঝামাঝিতে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় তোপের মুখে পড়তে হয়েছিল ঢাকার তৎকালীন দুই মেয়রকেই। ডেঙ্গুতে আক্রান্ত ও এইডিস মশা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আসার পর স্বঃপ্রণোদিত হয়ে উচ্চ আদালতকেও হস্তক্ষেপ করতে দেখা যায়।

এবার শীত কমে আসার সঙ্গে সঙ্গে রাজধানীতে আবারও বেড়ে চলেছে মশার উপদ্রব; নগরবাসীর মনে ফিরে আসছে ডেঙ্গুর ভয়।

জানুয়ারি মাসে নগরীতে এইডিস মশার উপস্থিতি যেমন বেশি পাওয়া গেছে, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন গতবারের চেয়ে পাঁচগুণ বেশি রোগী।

পুরনো খবর:

ডেঙ্গু মোকাবেলায় নানা বিষয়ে মতভেদ দুই মেয়রের
ফিরে দেখা ২০১৯: মশা ভয়ঙ্কর!
মশা যেন ভোট না খেয়ে ফেলে, মেয়রদের প্রধানমন্ত্রী
মশার উৎপাত ফেরাচ্ছে ডেঙ্গুর ভয়