মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ চান কৃষিমন্ত্রী
কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে এবার পেঁয়াজের মৌসুমে নিত্যদিনের রান্নার এই উপকরণটি আমদানি না হয় সেই পদক্ষেপ চেয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে কথা হয়েছে জানিয়েছে তিনি বলেছেন, আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন।
সফররত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ার অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) ক্রিস্টোফার উইলসন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে বুধবার সচিবালয়ে বৈঠকের পর পেঁয়াজ আমদানি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী।
উৎপাদন সঙ্কটে পড়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পাঁচ মাস পর গত ২৬ ফেব্রুয়ারি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার।
গত বছরের ২৯ সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশে এই পণ্যের বাজারে দেখা দেয় অস্থিরতা। সে সময় ৩০-৪০ টাকা কেজির পেঁয়াজের দাম আড়াইশ টাকায় উঠে গেলে সরকার বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। তবে এখনও প্রতিকেজি পেঁয়াজের দাম ১০০ টাকার আশপাশে ঘোরাফেরা করছে।
সাংবাদিকদের প্রশ্নে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, “গত কেবিনেটে (পেঁয়াজ নিয়ে) আলোচনা হয়েছে। সেখানে বাণিজ্যমন্ত্রী (বিষয়টি) তুলেছিলেন। আমরা বলেছি, আমরা চাষীদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি। (পেঁয়াজ চাষের) আওতা বেড়েছে, আশা করি অসুবিধা হবে না।
“আমি কেবিনেটে প্রধানমন্ত্রীর সামনে রিকোয়েস্ট করেছি, যখন হারভেস্ট শুরু হবে তখন যেন পেঁয়াজ আমদানি বন্ধ করা হয়। ওই সময়ে ভারতের পেঁয়াজ এসে যেন বাজার ভাসিয়ে দিয়ে না যায়। যাতে আমাদের চাষীরা একটা ভালো দাম পায়।”
এ বিষয়ে প্রধানমন্ত্রীর কী বলেছেন জানতে চাইলে রাজ্জাক বলেন, “তিনি অর্থ মন্ত্রণালয়সহ সবাইকে আলাপ-আলোচনা করে খুবই সতর্ক থাকতে বলেছেন। বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে যথেষ্ট সজাগ এবং সতর্ক আছে।”
চলতি মাসের শেষের দিকে হালি পেঁয়াজ ওঠা শুরু হবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “আমরা অবশ্যই চাষীদের স্বার্থটা দেখব।”
মঙ্গলবার ফরিদপুরে শিলাবৃষ্টি হওয়ার তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, “ফাল্গুন মাসে শিলাবৃষ্টি এমনটা কি চিন্তা করা যায়! আমরা খোঁজখবর নিয়েছি পেঁয়াজের ভালোই ক্ষতি হয়েছে, পাতা নষ্ট হয়ে গেছে। তবে আশা করছি এ বছর ভালো পেঁয়াজ হবে, আমরা খুবই আশাবাদী। কারণ অনেক এরিয়াতে পেঁয়াজের চাষ হয়েছে।
“আমরা যে পেঁয়াজের জাত উদ্ভাবন করেছি সেটা মাঠ পর্যায়ে চাষাবাদ হলে বাংলাদেশে পেঁয়াজের সমস্যা থাকবে না। নতুন জাতের উৎপাদন প্রায় দ্বিগুণ না হলেও কাছাকাছি হবে। আগে প্রতি হেক্টরে ১০-১১ টন হত, এখন ১৮-১৯ টন করে উৎপাদন হবে।”
