২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএমএমইউতে কেনাকাটায় দুর্নীতিতে আসামি হচ্ছে দুজন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আইসিইউ ভেন্টিলেটর কেনায় দুর্নীতির অভিযোগে ১০ বছর আগের করা একটি মামলায় দুজনকে আসামি করে অভিযোগপত্র দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2020, 08:26 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

মঙ্গলবার কমিশন এই অভিযোগপত্র অনুমোদন করেছে জানিয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিগগিরই এই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।”

অভিযোগপত্রে আসামি করা হয়েছে- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ রেজিস্ট্রার এবং ওই আইসিইউ ভেন্টিলেটর ক্রয় কমিটি সদস্য সচিব ডা. কাজী এবাদুল্লাহ ও সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিকেল সল্যুশন বিভাগের মহাব্যবস্থাপক সাজ্জাদ হোসেন।

তবে মামলার অন্য দুই আসামির মধ্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এএনএম আতাই রাব্বি মারা যাওয়ায় এবং সিমেন্স বাংলাদেশ লিমিটেডের মেডিকেল সল্যুশন বিভাগের ব্যবস্থাপক জ্যোতি জয়েনউদ্দিনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ার তাদের অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি আইসিইউ ভেন্টিলেটর কেনায় দুর্নীতির অভিযোগে ২০০৯ সালের ১৬ অগাস্ট রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক নাসিম আনোয়ার।

পরে কমিশনের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা একে অপরের যোগসাজশে ওকতাদী ইঞ্জিনিয়ার্স ও অসীম কন্সট্রাকশন নামক দুটি প্রতিষ্ঠানের নামে মিথ্যা জাল কোটেশন প্রস্তুত করে তা সাপোর্টিং কোটেশন হিসেবে দাখিল করে বৈধ হিসেবে ব্যবহার করেন। ক্রয় কমিটি বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতি ভঙ্গ করে আর্থিক সীমার বাইরে হওয়া সত্ত্বেও কোনো আপত্তি উত্থাপন না করে সিমেন্স বাংলাদেশকে কাজটি পাইয়ে দেয়।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি আইসিইউ ভেন্টিলেটর কেনায় ৭২ লাখ টাকার আর্থিক ক্ষতিসাধন করে আসামিরা অবৈধভাবে লাভবান হয়েছে বলে তদন্তে বলা হয়েছে।