২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি খুন: ‘জোর চেষ্টায়’ও সেই দুজনকে খুঁজে পায়নি র‌্যাব

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে তাদের বাড়িতে অপরিচিত দুজনের ডিএনএ নমুনা পাওয়ার কথা জানিয়ে ২০১৭ সালে র‌্যাব আদালতকে বলেছিল, তাদের চিহ্নিত করতে ‘জোর চেষ্টা’ চালানো হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2020, 09:16 PM

Updated : 18 Aug 2022, 02:37 PM

কিন্তু তিন বছর পর হাই কোর্টে তদন্তের অগ্রগতির যে প্রতিবেদন দিয়েছে সংস্থাটি; তাতেও ওই দুজনকে এখনও শনাক্ত করতে না পারার কথাই বলা হল।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শফিকুল আলম সোমবার অগ্রগতির এই প্রতিবেদন দাখিল করেন।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক সারোয়ার বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইতিপূর্বে আমরা বলেছি, যুক্তরাষ্ট্র থেকে প্রতিবেদন আসার পর দুজন অপরিচিত ব্যক্তির ডিএনএ নমুনা পাওয়া গেছে, সে দুই ব্যক্তিকে এখনও শনাক্ত করা যায়নি।

“এই তথ্যই আদালতের নির্দেশক্রমে সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে আদালতে উপস্থাপনের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।”

সাগর-রুনি: ডিএনএ পাওয়া দুজনের খোঁজে র‌্যাব

সাগর-রুনি খুন: তদন্তের হাল জানাতে হাই কোর্টের নির্দেশ  

২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজেদের বাসায় উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

Image
সাগর-রুনি (ফাইল ছবি)

সাগর-রুনি (ফাইল ছবি)

এই হত্যা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলেও আট বছরেও হত্যা রহস্যের জট খোলেনি। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে পাঁচজন অন্য একটি হত্যা মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন।

প্রথমে থানা পুলিশ এই হত্যা মামলার তদন্ত নামে, তাদের থেকে তদন্তের ভার পায় গোয়েন্দা পুলিশ। দুই মাস অনুসন্ধান চালিয়ে ডিবি ব্যর্থ হলে তদন্তের ভার আসে র‌্যাবের হাতে।

প্রায় আট বছর গড়াতে চললেও এখনও এই হত্যাকাণ্ডের কূল-কিনারা করতে পারেনি এলিট ফোর্স র‌্যাব।

হত্যাকাণ্ডের পর যেসব নমুনা সংগ্রহ করা হয় তার বেশ কিছু নমুনা যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো হয়। এসবের মধ্যে সাগরের হাতে বাঁধা চাদর এবং রুনির টি-শার্টে অপরিচিত দুই ব্যক্তি ডিএনএ পাওয়া গিয়েছিল।

২০১৭ সালের মার্চ মাসে ঢাকার আদালতে দেওয়া প্রতিবেদনে র‌্যাব বলেছিল, “যুক্তরাষ্ট্রে পাঠানো আলামতের মধ্যে ডিএনএ পরীক্ষার মতামতে ঘটনার সময় ঘটনাস্থলে দুইজন অজ্ঞাত পুরুষ ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে মর্মে উল্লেখ করা হয়েছে। এই দুইজনকে শনাক্ত করার জোর চেষ্টা করা হচ্ছে।”

দীর্ঘদিনেও এই হত্যারহস্য উদ্ঘাটন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আসছে সাংবাদিক সংগঠনগুলো; বিচার না হওয়ায় হতাশ সাগর-রুনির পরিবারও।

আরও খবর

সাগর-রুনি হত্যা : বকুলকে কেন জামিন দেওয়া হবে না

সাগরের মা বললেন, আসামিদের ‘ছেড়ে দেওয়া ‍উচিত’