২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা : বকুলকে কেন জামিন দেওয়া হবে না

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার বকুল মিয়াকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়েছে উচ্চ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 06:16 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

আসামি বকুলের জামিন আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের হাই কোর্ট বেঞ্চ রোববার এ রুল দেয়।

আদালতে বকুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আব্দুস উদ্দিন মাতুব্বর।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি  জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।   

Image
সাগর-রুনি (ফাইল ছবি)

সাগর-রুনি (ফাইল ছবি)

আমিনুর রহমান চৌধুরী পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি।

হত্যা রহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি পুলিশ থেকে র‌্যাবে স্থানান্তর করা হয়।

হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।

নথিতে দেখা যায়, বনানী থানার একটি মামলায় গ্রেপ্তার হন বকুল। পরে তাকে ২০১২ সালের ১০ অক্টোবর সাংবাদিক দম্পতি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ২ মার্চ নিম্ন আদালতে বকুলের জামিন নাকচ হলে তিনি হাই কোর্টে জামিনের আবেদন করেন।