সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ লাগাবে নিম ফাউন্ডেশন
মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে সারাদেশে ১০ লাখ ঔষধি গাছ রোপণ করবে বাংলাদেশ নিম ফাউন্ডেশন। আঞ্চলিক সড়ক, মহাসড়ক, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় প্রতিষ্ঠান এলাকায় এসব গাছ রোপণ করা হবে।
সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হাকিম।
তিনি জানান, ২১ মার্চ রাজবাড়ির বহরপুরের শান্তি মিশনে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হবে। এতে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ছাড়াও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন বলে জানান তিনি।
পরবর্তি এক বছরের মধ্যে এসব গাছ রোপণের পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নিম ফাউন্ডেশন এই উদ্যোগ সম্পর্কে হাকিম বলেন, “যিনি এদেশ আমাকে আপনাকে দিয়ে গেছেন। তাকে স্মরণ করতে এবং স্মরণীয় রাখতে এ উদ্যোগ নিয়েছি।
“সরকারের থেকে বিশেষ সুবিধা গ্রহণের জন্য নয়। আমি সাধারণ মানুষ ছিলাম, তাই মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এ উদ্যোগ সফল হলে আজীবন দেশের মানুষকে সুফল দিয়ে যাবে। এর মাধ্যমেই বঙ্গবন্ধু আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।”
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, “১০ লাখ নয়, ১০ কোটি ঔষধি গাছ রোপণ করা আমাদের পক্ষে সম্ভব। দেশের ৮৪ হাজার নার্সারি রয়েছে। তাদের সংগঠনের সভাপতি আমি। তাই বলব এ কর্মসূচি বাস্তবায়ন আমাদের জন্য কোনো চ্যালেঞ্জ হবে না।”
সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, নিম অর্গানিকের ডিরেক্টর (অপারেশন) সাঈদুল আলম উপস্থিত ছিলেন।
