বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ‘বেকার হোস্টেলে’ রেহানা-সায়মা
আনুষ্ঠানিকভাবে ‘মুজিববর্ষ’ উদযাপনের আগে কলকাতার বেকার হোস্টেলে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সায়মা ওয়াজেদ হোসেন।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বড় একটি অধ্যায় রচিত হয়েছিল কলকাতার তৎকালীন ইসলামিয়া কলেজের এই হোস্টেলে। বর্তমানে কলেজটির নাম ‘মাওলানা আজাদ কলেজ’।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের নেতা শেখ মুজিবুর রহমান ১৯৪২ সাল থেকে তৎকালীন ইসলামিয়া কলেজে অধ্যয়নকালে আবাসিক ছাত্র হিসেবে বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে থাকতেন। তিনি ১৯৪৬ সালে ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এই কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু।
বর্তমানে বেকার হোস্টেলের ২৩ ও ২৪ নম্বর কক্ষকে ‘বঙ্গবন্ধু স্মারক জাদুঘর’-এ রূপ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার শেখ রেহানা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন বেকার হোস্টেলে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মুজিববর্ষ উদযাপনের প্রাক্কালে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শেখ রেহানা ও সায়মা ওয়াজেদ হোসেন কলকাতায় যান।
বাংলাদেশ জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে ২০২০ থেকে ২০২১ সালকে ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছে। আগামী ১৭ মার্চ থেকে জন্মশতবার্ষিকী উদযাপন শুরু হবে।
