মাহফুজা হত্যার বিচার চেয়ে কাঁদলেন ছেলে
ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যা মামলায় সাক্ষ্য দিতে এসে আদালতে কাঁদলেন তার ছেলে সানিয়াত ইসমত অমিত।
রোববার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের কাছে ধরা গলায় সাক্ষ্য দেন একটি বেসরকারি ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা কর্মকর্তা অমিত। এক সময় কান্নার তোড়ে তার কথা তলিয়ে যায়।
রোববার একই সময়ে আরও এই মামলায় আরও তিনজন আদালতে সাক্ষ্য দেন। তারা হলেন- মাহফুজা পারভীনের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারক নিউমার্কেট থানার এসআই স্বপন কান্তি দে, পুলিশের গাড়িচালক কনস্টেবল আব্দুর রহমান এবং নিহতের প্রতিবেশী সুকন্যা টাওয়ারে বসবাসকারী মাওলানা হাবিবুর রহমান।
গত ১৯ ফেব্রুয়ারি এই মামলার বাদী ও নিহতের স্বামী আওয়ামী লীগ নেতা ইসমত কাদির গামার জবানবন্দি গ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। দ্বিতীয় দিনে আরও চারজন সাক্ষ্য দেওয়ায় রাষ্ট্রপক্ষে ৩৪ সাক্ষীর মধ্যে ৫ জন আদালতে জবানবন্দি দিলেন।
পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য বিচারক আগামী ১ থেকে ৫ মার্চ পর্যন্ত টানা দিন রেখেছেন বলে জানিয়েছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আব্দুল্লাহ ভূঞা।
অমিত জবানবন্দিতে বলেন, মায়ের খুনের সংবাদ পেয়ে এক ঘণ্টার মধ্যে তিনি বাসায় গিয়েছিলেন। ভিড় ঠেলে ঘরে ঢফুকে দেখেন, তার মায়ের মরদেহ শয়ন কক্ষে পড়ে আছে।
“আমাদের বাড়ির দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা এবং রিতা আক্তার স্বপনা আমার মাকে গলায় ওড়না পেঁচিয়ে এবং নাকমুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে।”
এই মামলার দুই আসামি নিহতের গৃহকর্মী রুমা ওরফে রেশমা এবং রিতা আক্তার স্বপনা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
২০১৯ সালের ২১ জুলাই মামলাটিতে অভিযোগপত্র জমা দেন নিউ মার্কেট থানার এসআই আলমগীর হোসেন। রেশমা ও স্বপনাকে অভিযুক্ত করা হলেও অন্য আসামি দুই গৃহকর্মীর জোগানদাতা রুনু বেগমকে অব্যাহতির সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা।
বাসায় থাকা ২০ ভরি সোনা, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা চুরি করতে আসামিরা মাহফুজা চৌধুরী পারভীনকে নাক-মুখে ওড়না পেঁচিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসায় খুন হন মাহফুজা চৌধুরী। এ ঘটনায় নিহতের স্বামী ইসমত কাদির গামা মামলা দায়ের করেন।
গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপনা ও রুমা ওরফে রেশমা এবং দুই গৃহকর্মীর যোগানদাতা রুনু বেগমকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। স্বপনা এবং রেশমা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
মাহফুজা চৌধুরী ২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ হিসাবে কাজ করেছেন।
